রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫২

আবারও শাপলা চত্বরে আসছে হেফাজতে ইসলাম

আবারও শাপলা চত্বরে আসছে হেফাজতে ইসলাম

শীর্ষবিন্দু নিউজ: বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ২৪ ডিসেম্বর ঢাকার মতিঝিল শাপলা চত্বরে যে কোনো মূল্যে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। ওইদিন মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। বুধবার রাতে হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া বৈঠক সন্ধ্যা ৭টায় শেষ হয়। বৈঠকে ঢাকা মহানগর নেতারা  ছাড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

হেফাজতের আমীর শাহ আহমদ শফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর নূর হোসাইন কাসেমী, হাফেজ শামসুল আলম, মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, তাজুল ইসলাম, সালাহ উদ্দীন নানুপুরী, জুনায়েদ আল-হাবীব, জাফরুল্লাহ খান, মুহাম্মদ শফি। বৈঠকে ঢাকা মহানগর হেফাজতের নেতারা আগামী ২৪ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠেয় মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের অবহিত করেন।

সংগঠনসূত্রে জানা গেছে, বৈঠকে হেফাজত আমীর আল্লামা আহমদ শফী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া হেফাজতের নেতাদের ২৪ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিন ঘণ্টা স্থায়ী বৈঠকে কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ বাস্তবায়নের কর্মপন্থা ও কৌশল নির্ধারণে জন্য দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তবে কি সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। এর আগে ১৫ নভেম্বর মতিঝিলে সমাবেশের ডাক দিয়েছিল হেফাজত। পরে তা স্থগিত করে বুধবার আবারও মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজত। গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শাপলা চত্বরে মহাসমাবেশ করে। ওই কর্মসূচিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026