কৃষক ফসল উৎপাদন করে বলেই দেশের মানুষ খেতে পারে। তাহলে কৃষক মেরে আন্দোলন করলে দেশের উন্নয়ন হবে কিভাবে?
ক্ষোভ ও দুঃখে কথাগুলো বলেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সবজি উৎপাদনকারী কৃষক হারেজ মাদবর। রোববার সকালে রাজধানীর বাদামতলী ব্রিজের নিচে একটি হোটেলে বসে নাস্তা করার সময় বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন।
হারেজ মাদবর বলেন, আমি শনিবার রাতে মাগুরা থেকে বাদামতলী কাঁচাবাজারে সিম নিয়ে এসেছি। এখন গাড়ির অভাবে বাড়ি যেতে পারছি না। এদিকে ক্ষেতে বসে ফসল নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন,‘কৃষি কাজের ওপর আমরা নির্ভরশীল। কষ্ট করে অনেক আশা-ভরসা নিয়ে ফসল উৎপাদন করি। সেই আশা-ভরসা যদি রাজনীতির কারণে ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো?’
হারেজ মাদবরের মতো দেশের হাজার হাজার কৃষক রাজনৈতিক অস্থিরতার কারণে নিরুপায় হয়ে পড়েছেন। কৃষকের ফসল ঘরে উঠার সময় এখন। কিন্তু ফসল তো মাঠে রেখে দিলে হবে না। তাই উৎপাদন খরচ না উঠলেও নিরুপায় হয়ে অল্পমূল্যেই বিক্রি করতে হচ্ছে এসব ফসল। নিজের আবাদী জমির বেগুন নিয়ে যাত্রবাড়ি কাঁচাবাজারে বিক্রি করে বাড়ি যাওয়ার জন্য চৌরাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মুন্সীগঞ্জের হাকিম উদ্দিন শেখ।
তিনি বাংলানিউজকে বলেন, দেশের অবস্থা ভালো না। হাসিনা-খালেদারতো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে আমাদের মত সাধারণ কৃষকের। তিনি আরও বলেন, বেগুন যা বিক্রি করেছি তাতে খরচ ওঠানো সম্ভব না। এখন পরিবারের খরচ চালাবো কিভাবে।
সৌজন্য: বাংলানিউজ২৪