শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী একটি সমাবেশে বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার থেকে সরকার বিরোধী বিক্ষোভকারীরা ব্যাংকক শাট ডাউন কর্মসূচি পালন করছে। হাজার হাজার সরকারবিরোধী অবস্থান নিয়েছে ব্যাংককের প্রধান চত্বরগুলোতে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে সুথেপ থাউগসুবানের নেতৃত্বে বিক্ষোভকারীরা আন্দোলন অব্যাহত রেখেছে। ২রা ফেব্রুয়ারি নির্বাচনের ডাক দিয়েছেন ইংলাক। বিরোধী দল ইতিমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি পিপলস কাউন্সিল এর অধীনে নির্বাচন।
পুলিশের উপ-মুখপাত্র আকানাত প্রম্ফান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় বেলা ১টার দিকে সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। বিরোধী নেতা সুথেপকে তার দেহরক্ষীরা সমাবেশ মঞ্চের পেছনে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। বোমা বিস্ফোরণের স্থান থেকে সুথেপের দূরত্ব ছিল আনুমানিক ১০০ ফুট। ধারণা করা হচ্ছে নিকটবর্তী কোন ভবনের ছাদ থেকে গ্রেনেড জাতীয় কোন বিস্ফোরণ ছুড়ে মারা হয়। বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত বেশিরভাগেরই তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্যাংককের জরুরি সেবা কেন্দ্র। সরকার পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। বুধবার প্রধানমন্ত্রী ইংলাক নির্বাচন পিছিয়ে দেয়ার বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সে আহ্বান প্রত্যাখ্যান করেন সুথেপ থাউগসুবান।