শীর্ষবিন্দু নিউজ: সুপ্রিম কোর্টের বিচারকেরা মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা পাবেন। আজ সোমবার এ বিধান রেখে সুপ্রিম কোর্ট জাজেস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস (ভাতা ও সুবিধা) সংশোধন আইন-২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করা হয়। পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৩ সালের চতুর্থ-ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভা ওই প্রতিবেদনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত মন্ত্রিসভার ২২৮টি বৈঠক হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক হাজার ৫০৮টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এক হাজার ৪২৭টি। নীতি ও কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে ৪৯টি। চুক্তি ১১৮ ও আইন পাস করা হয়েছে ২৭১টি। বিএনপির সরকারের আমলে ২০০১-০৬ পর্যন্ত বৈঠক সংখ্যা ছিল ২০৮টি, গৃহীত সিদ্ধান্ত ৭৪৫টি, বাস্তবায়িত সিদ্ধান্ত ৬১১টি, নীতি ও কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে ২৭টি। চুক্তি ৬৭টি ও আইন পাস করা হয় ১৭৫টি। বৈঠকে যুব সংগঠন আইন ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইন অনুযায়ী কোনো যুব সংগঠন আইন লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।