শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৫

১৯শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচন

১৯শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচন

শীর্ষবিন্দু নিউজ: ১০২টি উপজেলার নির্বাচন ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম ধাপে এসব উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে। বাকি উপজেলাসমূহে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫শে জানুয়ারি। যাচাই-বাছাই ২৭শে জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩রা ফেব্রুয়ারি। অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্বল্প সংখ্যক নির্বাচন কমিশনের কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। রোববার দিনভর  বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন নির্বাচন কমিশন সচিবালয়ে সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সিইসি বলেন, আইনি সীমাবদ্ধতার কারণে এসএসসি পরীক্ষার মধ্যেই উপজেলা নির্বাচনটি করতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সীমিত সংখ্যক উপজেলায় নির্বাচন করতে হচ্ছে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের বাধ্যবাধকতা থাকায় প্রথম পর্যায়ে ১০২টি উপজেলায় নির্বাচন করা হচ্ছে।

তিনি বলেন, মার্চে দ্বিতীয় দফা নির্বাচন করা হবে।  পর্যায়ক্রমে অন্য উপজেলাতে নির্বাচন সম্পন্ন করা হবে। সিইসি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসকরা রিটানিং অফিসার হচ্ছেন। আর সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। আগের ধারাবাহিকতা অনুযায়ী তাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে রাখা হয়েছে। তবে কমিশনের স্বল্পসংখ্যক কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করা হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও অনেক ক্ষেত্রে তা বজায় থাকে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যে কোন নির্বাচনই রাজনৈতিক মাত্রায় চলে যায়। স্থানীয় সরকার নির্বাচন নিবন্ধিত দলের প্রতীকের মাধ্যমে হয় না। এই নির্বাচনে রাজনৈতিক দল বলে কিছুই থাকবে না।

কিন্তু এসব নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থক প্রার্থী হলে কিছুটা প্রভাব থেকে যায়। নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ওপর আক্রমণ সংক্রান্ত এক প্রশ্নে জবাবে সিইসি বলেন, নির্বাচনে গোলযোগ হয়। তবে হামলা ও মামলা বলে-কয়ে আসে না। ৫ই জানুয়ারির নির্বাচন একটি পক্ষ থেকে প্রতিহত করা হয়েছে। এ জন্য সহিংসতা বেশি হয়েছে। তার পরও যতটা সহিংসতা হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা এখনও ঠিক হয়নি। পরিস্থিতি বিবেচনায় ওই বাহিনীকে মাঠে নামানো হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা সবকিছু ঘোলাটে করে দেখেন। আমাদের কোন তাড়াহুড়া নেই। বিভক্ত ডিসিসি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রকিবউদ্দিন আহমদ বলেন, আমরা আগেই পরিষ্কার করেছিলাম যে গত বছর ঈদ ও কোরবানির মাঝামাঝি ডিসিসির নির্বাচনটি করার জন্য। কিন্তু উত্তরে কিছুটা ও দক্ষিণে অনেকগুলো ওয়ার্ডে সীমানা জটিলতা থাকায় নির্বাচনটি করতে পারিনি। সমস্যার সমাধান হলেই নির্বাচন করা হবে। তফসিল ঘোষণার সময়  নির্বাচন কমিশনার আবু হাফিজ ও শাহ নেওয়াজ এবং কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।

কমিশনের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে ৪৮ জেলার ১১৩টি, মার্চে ৫৯ জেলার ২২১টি, এপ্রিলে ২৬ জেলার ৩৬টি, মে মাসে ৩৫টি জেলার ৮৬টি উপজেলাসহ জুন-জুলাই মাসেও বেশ কিছু উপজেলার মেয়াদ শেষ হচ্ছে। ১৯৮২ সালে উপজেলা পদ্ধতির প্রবর্তন পর ১৯৮৫ সালে প্রথমবারের মতো এবং ১৯৯০ সালে দ্বিতীয়বার উপজেলা পরিষদ নির্বাচন হয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর উপজেলা পদ্ধতি বাতিল করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার উপজেলা পদ্ধতি চালু করে। কিন্তু ওই সময়ে নির্বাচন হয়নি। ১৯ বছর পর ২০০৯ সালের ২২শে জানুয়ারি উপজেলা পরিষদের তৃতীয় নির্বাচন হয়। এবারই প্রথম মেয়াদ পূর্বের পাঁচ বছরের মাথায় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রংপুর-৬ আসনের উপনির্বাচন ২০শে ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২০শে ফেব্রুয়ারি। রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭শে জানুয়ারি। ২৮শে জানুয়ারি বাছাইয়ের পর ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে ২০শে ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুরের জেলা প্রশাসক এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১০৬টি। গত ৫ই জানুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। এরপর তিনি গোপালগঞ্জের আসনটি রেখে নিজের শ্বশুরবাড়ির এলাকা রংপুরের আসনটি ছেড়ে দিলে ইসি ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026