শীর্ষবিন্দু নিউজ: অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে ফাঁসির দন্ডাদেশের নিন্দা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামি। এই দন্ড ঠেকাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান ও অন্য সব মুসলিম দেশের হস্তক্ষেপ চেয়েছে দলটি। এ খবর দিয়েছে পাকিস্তানের দ্য নেশন ও দুনিয়া নিউজের অনলাইন সংস্করণে।
এতে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তান জামায়াতের আমীর সৈয়দ মুনাওয়ার হাসান বলেন, নিজামী ও অপর ১৩ জনের ফাঁসির দন্ডাদেশকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছেন সৈয়দ মুনাওয়ার। এই মামলার পেছনে ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, নিজামীর মতো মানুষের বিরুদ্ধে কোনো সুস্থ মানুষ অস্ত্র চোরাচালানের অভিযোগ আনতে পারে না। এই ঘটনাকে জুলুম বলে অভিহিত করে তা বন্ধে সহায়তা চান তিনি।
রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান সরকার ও অন্য সব মুসলিম দেশের শাসকদের প্রতি আহ্বান জানান। পাকিস্তান জামায়াত প্রধান আরও বলেন, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বাড়তে থাকায় মানুষ গভীর উদ্বেগে রয়েছে।