শীর্ষবিন্দু নিউজ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)বৈঠকে ২ হাজার ৭২ কোটি ৫৩ লাখ টাকার ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। ৫টি প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৬১৯ কোটি ৩২ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৪শ ৫৩ কোটি ২১ লাখ টাকা। ৫টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৪টি বাকি ১টি সংশোধিত প্রকল্প। ৩টি প্রকল্প সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
একনেক সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। একনেক বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, হাওর অঞ্চলে মৎস্য অবতরণ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি টাকা। হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প, বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা; ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৬১ কোটি টাকা; লাকসাম-লাঙ্গলকোট-কোদালিয়া সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা এবং আহছানিয়া মিশন হাসপাতাল উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা।
আহছানিয়া মিশন হাসপাতাল উন্নয়ন প্রকল্প
এই ক্যান্সার হাসপাতালের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করার লক্ষে ১০০ কোটি ব্যয়ে ‘ প্রভিশন ফর ইকুইপমেন্ট অ্যান্ড প্রফেশনাল ট্রেইনিং ফর আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পে সরকার ৬০ কোটি টাকা দেবে, বাকী ৪০ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা আহছানিয়া মিশন যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের মাধ্যমে ক্যান্সার রোগ প্রতিরোধ, প্রতিকার ও চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি পেশাজীবিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হবে। একই সাথে ক্যান্সার রোগীদের জন্য ডাটা বেইজ্ তৈরি করে ক্যান্সার রোগীর চিকিৎসার ক্ষেত্রে সরকারি-বেসরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানের মধ্যে অনলাইনে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা রাখা হবে।
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্প
ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএন ভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পটি ১ হাজার ৮শ ৬৩ কোটি ১৫ লাখ টাকার। প্রকল্পটিতে সরকারি অর্থায়ন ৪শ ৭ কোটি ৯৪ লাখ টাকা। বাকী ১ হাজার ৪শ ৫৩ কোটি ২১ লাখ টাকা চীন সরকার প্রকল্প সাহায্য হিসেবে দেবে।
প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে মার্চ, ২০১৪ থেকে জুন, ২০১৭ পর্যন্ত। সমগ্র বাংলাদেশে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে বিটিসিএল ভয়েসকল ছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের জন্য বিদ্যমান এক্সচেঞ্জগুলোতে স্থাপিত কম ক্ষমতা সম্পন্ন পুরানো ট্রান্সমিশন যন্ত্রপাতি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া বেইজ্ড ট্রান্সমিশন যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করবে।
এজন্য বিটিসিএল বিদ্যমান কপার বেইজ্ড মূল টেলিফোন নেটওয়ার্ক উচ্চক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক দ্বারা প্রতিস্থাপন করবে। জনসাধারণের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে আইসিটি সুবিধা পৌঁছে দিয়ে দেশে টেলিডেনসিটি বৃদ্ধি এবং টেলিএক্সেস সুবিধার আরো সম্প্রসারণ করাই এ প্রকল্পের মূল লক্ষ।
একনেক সভায় জানানো হয় এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের গ্রাম অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সংযোগ স্থাপিত হবে। এর ফলে জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক তৈরি করে সব সরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করা যাবে। এবং ইন্টারনেট টেলিফোন ও ভিডিও কনফারেন্সিং চালুর সুযোগ সৃস্টি হবে। সব প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ভোকেশনাল ট্রেনিঙ ইনস্টিটিউটগুলোতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ প্রদানও তখন সম্ভব হবে।
প্রকল্পের আওতায় ৭,০০,০০০ সংযোগ ক্ষমতাসম্পন্ন ঢাকায় ১টি ইন্টারনেট প্রটোকল মাল্টিমিডিয়া সাবসিস্টেম (আইএসএস) প্লাটফর্ম স্থাপন করা হবে। এর অতিরিক্ত হিসেবে চট্টগ্রামে একই ক্ষমতাসম্পন্ন আরো ১টি আইএসএস প্লাটফর্ম স্থাপিত হবে। সভায় আরো জানানো হয়, দেশে বেসরকারি খাতে একাধিক মোবাইল অপারেটর থাকলেও তারা মূলতঃ ভয়েস কল সেবা প্রদান করে থাকে। সীমাবদ্ধ ব্যান্ড ইউথে ডাটা সার্ভিস (ইন্টারনেট) প্রদান করলেও তা বেশ ব্যয় বহুল। আলোচ্য প্রকল্পের মাধ্যমে বিটিসিএল এর বিদ্যমান নেটওয়ার্ক আধুনিকায়ন করে ভয়েস কলের পাশাপাশি ইন্টারনেট ও ভিডিও আদান প্রদান সেবা প্রদান করা হবে।
লাকসাম-লাঙ্গলকোট-কোদালিয়া সড়ক উন্নয়ন প্রকল্প
লাকসাম (দৌলতগঞ্জ)-নাঙ্গলকোট-কোদালিয়া-ঢালুয়া-চিত্তরা বাজার সড়ক উন্নয়ন শীর্ষক ৪৯ কোটি ৬৮ লক্ষ টাকার অপর একটি প্রকল্পও একনেক সভায় অনুমোদন পেয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পটি জানুয়ারি, ২০১৪ থেকে শুরু হয়ে ডিসেম্বর, ২০১৬ সালে শেষ হবে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এ প্রকল্পটি প্রয়াত সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়ার নামে নামকরণ করা হয়। সভায় সড়কটিও প্রয়াত এই সংসদ সদস্যের নামেই করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা এবং চট্টগ্রামের সাথে কুমিল্লা জেলার লাকসাম, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রাম উপজেলার উন্নততর ও নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপনের জন্যই এ প্রকল্পটি হাতে নেওয়া হয়। ৩১.৪ কি.মি. দৈর্ঘ্যর এ সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে স্বল্পতম সময়ে যাতায়াতসহ কৃষি ও শিল্পজাত পণ্য দ্রুত পরিবহণের সুযোগ সৃষ্টি হবে বলেন ‘একনেক’ সভায় জানানো হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প
হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন ও হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) শীর্ষক ৬৪ কোটি ৪৩ লাখ এবং ৩৭ কোটি ২৬ লাখ টাকার পৃথক দুটি প্রকল্পও ‘একনেকে’ পাশ হয়। প্রকল্প দুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে সম্পন্ন হবে। হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন নামক প্রকল্পটি জানুয়ারি, ২০১৪ সালে শুরু হয়ে ডিসেম্বর, ২০১৭ সালে শেষ হেব। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ প্রকল্পের মাধ্যমে হাওর এলাকায় ৩টি আধুনিক ও স্বস্থ্যসম্মত মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করে মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বিপণন সুবিধাদি উন্নততর করা হবে। এর ফলে মৎস্য আহরণ পরবর্তী অপচয় রোধ হবে বলেও একনেক’ সভায় জানানো হয়। অপরদিকে, হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) নামক প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পটির মেয়াদকাল অক্টোবর, ২০১০ থেকে জুন, ২০১৬ পর্যন্ত ধরা হয়েছে।
দেশের ৭টি জেলার ৪৮টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিল নার্সারি ও মৎস্য অভয়াশ্রম স্থাপন করে পোনা মজুদ ও মাছের প্রাকৃতিক আবাসস্থল উন্নয়নের মাধ্যমে নির্বাচিত জলাশয়ে উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জীব-বৈচিত্র সংরক্ষণ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সভায় প্রধানমন্ত্রী জানান, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্যে কাঁকড়া চাষ প্রকল্পসহ ঝিনুক চাষের প্রকল্প নিয়ে বিদেশে মৎস্য রফতানি করা যেতে পারে।