মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪

এবার বাগেরহাটে অগ্রণী ব্যাংক শাখায় জালিয়াতি

এবার বাগেরহাটে অগ্রণী ব্যাংক শাখায় জালিয়াতি

ব্যাংকিং খাতে আর্থিক অনিয়ম, দুর্নীতি আর ঋণ কেলেঙ্কারির ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে বাগেরহাটের কচুয়ায় অগ্রণী ব্যাংকের একটি শাখা। লোনের বিপরিতে সব ডকুমেন্ট না থাকা, একই ব্যক্তির নামে একাধিক কৃষি লোন, লেজার সুষম না থাকা, অনিয়ম, অসামঞ্জস্যতা প্রভৃতি অসঙ্গতির জন্য বর্তমানে অডিট চলছে অগ্রণী ব্যাংক লিমিটেডের গোয়ালমাঠ শাখায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি শাখাটিতে নতুন ব্যবস্থাপক যোগদানের পর দায়িত্ব বুঝে নিতে গিয়ে নানা অনিয়ম আর ঋণ অসমঞ্জস্যতা ধরা পড়তে থাকে। শুরু হয় তদন্ত (অডিট)। আর এই তদন্ত থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক গোজামিল ও জালিয়াতির তথ্য।

বাংলানিউজের বিশেষ অনুসন্ধানে জানা যায়, অগ্রণী ব্যাংকের এই শাখা থেকে এক ব্যক্তির নামে একাধিক কৃষি লোন বিতরণ, এফডিআর-এর লোনের ক্ষেত্রে সব ডকুমেন্ট না রেখে লোন দেয়া, নিয়ম বহির্ভূতভাবে একটি এফডিআর হিসাবের বিপরীতে একাধিক ঋণ দেয়া, বিভিন্ন নামে-বেনামে লোনসহ নানা অনিয়মের মাধ্যমে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা লোপাট হয়েছে। আর এসব অনিয়ম তদন্তে বর্তমানে শাখাটিতে চলছে অডিট। এখন পর্যন্ত তিন দফা অডিটে প্রায় অর্ধ কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে ব্যাংক সংশ্লিষ্ট একটি সূত্র।
Agroni_Ban
সূত্রটি জানায়, সহজ শর্তে কৃষি লোনের নামে অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ শাখা হতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত স্বনির্ভর বাংলাদেশ নামে এনজিও-এর মাধ্যমে ১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৮১৩ টাকা বিতরণ করা হয়। এর অধিকাংশ এনজিও প্রতিষ্ঠান স্বনির্ভর-এর ক্রেডিট ম্যানেজার সরদার আলমগীর হোসেন অন্যদের সহায়তায় আত্মসাৎ করেছেন।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ব্যাংকের গোয়ালমাঠ শাখার ব্যবস্থাপক এমদাদ হোসেন অবসর প্রস্তুতিজনিত (পিআরএল) ছুটিতে গেলে নতুন শাখা ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয় মলয় কিশোর বিষ্ণকে। নিয়ম অনুসারে নুতন শাখা ব্যবস্থাপককে সব দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও পিআরএল ছুটিতে যাওয়া এমদাদ হোসেন ঋণ ও অন্যান্য বিভাগের ডকুমেন্ট বর্তমান ব্যবস্থাপককে বুঝিয়ে দিতে পারেননি।
একপর্যায়ে ডকুমেন্টসহ সব লেজার সুষম করার সময়ে ঋণের টাকা বিতরণে অসামঞ্জস্যতা পান।

প্রথমে স্বনির্ভরের কৃষি লোনের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়লেও পরে একে একে অন্যান্য ক্ষেত্রে ঋণ প্রদানেও নানা অনিয়মের প্রমাণ মেলে। তবে ঠিক কত টাকার গড়মিল রয়েছে তা সঠিকভাবে জানাতে পারছেন না কেউই!  এ পর্যন্ত শুধুমাত্র স্বনির্ভরের কৃষি লোনেই প্রায় ৩০ লাখ টাকার গড়মিল পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এনজিও প্রতিষ্ঠান স্বনির্ভর বাংলাদেশের মোড়েলগঞ্জ-কচুয়া উপজেলার ক্রেডিট ম্যানেজার আলমীর হোসেন ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যাংকে বসার সুযোগ পান। এই আলমগীর হোসেন এক সময়ে হয়ে যান ‘ব্যাংকের কর্মকর্তা’। তার ভাবভঙ্গিতে সবাই মনে করত তিনি এই ব্যাংকের একজন কর্মকর্তা। ব্যাংকের সব কাজেই শুরু হয় তার হস্তক্ষেপ।

বিশেষ করে স্বনির্ভরের ঋণ কার্যক্রম ছাড়াও ব্যাংকের ঋণের কার্যক্রম তার হাত দিয়েই হতো। তবে ব্যাংক কর্মকর্তাদের দাবি, ব্যাংকে ঋণ কার্যক্রমের লোক না থাকার সুযোগ নিয়েছেন তিনি। আর ব্যাংকের এসব কার্যক্রমে নিজের অংশগ্রহণের মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন ওই আলমগীর হোসেন।

তবে ব্যাংকে নতুন ব্যবস্থাপক দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যাংকে অনিয়মিত হতে থাকেন স্বনির্ভরের ওই ক্রেডিট ম্যানেজার। আর ৩১ মার্চ থেকে চলে যান আত্মগোপনে। এর পর কয়েক দফা তাকে ব্যাংকে এসে সব হিসাব বুঝিতে দিতে স্বনির্ভরের জেলা এরিয়া ম্যনেজার এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে নোটিশ দেয়া হলেও ব্যাংকে আসেননি তিনি।

হিসাবে গড়মিল থাকার বিষয়টি গত ১০ মার্চ শাখা ব্যবস্থাপক মলয় কিশোর অগ্রণী ব্যাংকের বাগেরহাট জোনাল শাখায় জানায়। এর পর ১৮ মার্চ শুরু হয় অডিট। অডিট টিম  ৭ এপ্রিলের মধ্যে স্বনির্ভর লোন ডকুমেন্টসসহ সব লোন লেজারসমুহ সুষম করতে নির্দেশ দেয়। সুষম না করায় ব্যাংক ব্যবস্থাপক ৮ এপ্রিল স্বনির্ভরকে চিঠি দেয়। এর আগে ৬ এপ্রিল স্বনির্ভার বাংলাদেশের বাগেরহাট এরিয়া ম্যানেজার সরদার আলমগীর হোসেনকে চিঠি দেয়। যাতে বলা হয়, ১০ এপ্রিলের মধ্যে তিনি উপস্থিত না হলে তার ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। কিন্ত এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি।
Bagerhat_pic
অডিট টিম যেসব অসামঞ্জস্য পেয়েছে তা হলো- এফডিআর লোন-এর ক্ষেত্রে সব ডকুমেন্টস পাওয়া যায়নি, একই ব্যক্তির নামে একাধিক কৃষি লোন দেয়া, দীর্ঘদিন লেজার সুষম না হওয়া স্বনির্ভর লোনের ডকুমেন্টসসহ লেজার সুষম না হওয়া প্রভৃতি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, তারা স্বনির্ভরের লোনের টাকা ব্যাংকে গিয়ে আলমগীরের কাছে দিয়ে আসলেও এখনও জানতে পেড়েছেন তাদের লোন পরিশোধ করা হয়নি। তাদের নামে একাধিক লোন রয়েছে। তারা জানান, আলমগীর ও তার বাহিনীর ভয়ে অনেকই মুখ খুলতে ভয় পাচ্ছে। ব্যাংকের এক ব্যক্তি জানান, অনেকে ব্যাংকে এসে টাকা জমা দেয়ার রশিদ দেখাচ্ছেন। তাতে আলমগীরের হাতের লেখা রয়েছে। কিন্তু রশিদ থাকলেও তাদের টাকা জমা হয়নি।

এ ব্যাপারে স্বনির্ভরের ওই ক্রেডিট ম্যানেজার সরদার আলমগীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর স্বনির্ভর বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার (বাগেরহাট) এ কে এম নজরুল ইসলামের কাছে জানতে চাইলে বাংলানিউজের কাছে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য তাদের ঋণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে তদন্ত হচ্ছে বলে স্বীকার করেন।

এদিকে শাখাটিতে কৃষি লোন ছাড়াও অনান্য ঋণের ক্ষেত্রেও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত শাখাটিতে অডিটে একটি এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে চারটি ঋণ দেওয়ার নজিরবিহীন ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে শাখাটিতে এ ধরনের অনিয়ম এবং অর্থ আত্মসাতের ঘটনার খবর শুনে আমানত রাখা অনেক গ্রাহক হতাশ হয়ে পড়েছেন। কোনো কোনো গ্রাহক তুলে নিচ্ছেন তাদের আমানত। বাগেরহাট অগ্রণী ব্যাংকের আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই ধরনের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। এমন খবর পেয়ে ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিলিপ কুমার মন্ডল, আব্দুল মালেক ও আমজাদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026