শীর্ষবিন্দু নিউজ: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মুখোশ উন্মোচন করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ মহানগর-জেলা-উপজেলা প্রতিরোধ কমিটির অ্যাওয়ার্ড-২০১৩ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাহাবুদ্দিন চুপ্পু বলেন, টিআইবি বিদেশ থেকে টাকা এনে কোন খাতে ব্যয় করে আমরা জানি। সময় হলে একদিন এসব বিষয় দুদক দেখবে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাদের এসব কাজের স্বচ্ছতা কী? সময় হলেই টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।
ইদানীং আমাদের ওপর একটা ওয়াচডগ ভর করেছে। সেটা টিআইবি। আমাদের কোনো কাজই তাদের পছন্দ না। আমরা নাকি রাজনৈতিক প্রভাবিত হয়ে কাজ করছি। অথচ আমরা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত। টিআইবি গঠনমূলক সমালোচনা না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকের সমালোচনা করছে বলে অভিযোগ করেন তিনি। চুপ্পু বলেন, আমরা বড় বড় দুর্নীতিবাজদের জেলে পাঠিয়েছি। এমএলএম কোম্পানির নামে সাধারণ মানুষ যেখানে প্রতারণার শিকার হতো, তা থেকে জনগণকে অনেকটা মুক্ত করেছি। এমএলএম কোম্পানির রাঘববোয়ালদের আমরা শাস্তির আওতায় আনতে পেরেছি। আমরা সরকারি দলের লোকদের বিষয়েও অনুসন্ধান করছি। কিন্তু টিআইবি এসব সফলতার বিষয়ে কোন প্রশংসা করে না।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পাচারের টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, এ টাকা আমাদেরকে দুর্নীতি প্রতিরোধের জন্য ব্যবহার করতে বলা হয়েছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে টাকাগুলো এখনও পাইনি। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ে পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।