সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯

৮.৯ বিলিয়ন ডলারে কানাডার ওয়েস্টন পরিবারের কাছে রিটেইল চেইন ‘বুটস’ বিক্রি

৮.৯ বিলিয়ন ডলারে কানাডার ওয়েস্টন পরিবারের কাছে রিটেইল চেইন ‘বুটস’ বিক্রি

যুক্তরাজ্যের বিখ্যাত হাই স্ট্রিট ফার্মেসি ও রিটেইল চেইন ‘বুটস’ ৮.৯ বিলিয়ন ডলারে (৬.৭ বিলিয়ন পাউন্ড) কানাডার ধনকুবের ওয়েস্টন পরিবারের কাছে বিক্রি হয়েছে।

হোল্ডিং কোম্পানি ‘উইটিংটন ইনভেস্টমেন্টস’ (Wittington Investments) বুধবার জানিয়েছে, মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম সিকাডোর পার্টনার্স এবং পেসিনা পরিবারের কাছ থেকে ১৭৭ বছরের পুরনো এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি তারা কিনে নিতে সম্মত হয়েছে।

নটিংহ্যামে একটি সাধারণ ওষুধের দোকান হিসেবে বুটসের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তা হাই স্ট্রিটের একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্যের পাশাপাশি খাবার এবং ভ্রমণের নানা সরঞ্জাম বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি।

প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতা এবং মানুষের কেনাকাটার অভ্যাস পরিবর্তনের মতো চ্যালেঞ্জ সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে চেইনটি বেশ ভালো ব্যবসা করেছে। মানুষ সপ্তাহের প্রতিদিন শহর বা নগরের অফিসে যাওয়ার পরিবর্তে বাড়ি থেকে কাজ করায় স্টোরগুলোতে ক্রেতার উপস্থিতি (ফুটফল) কিছুটা কমেছে।

গত কয়েক বছরে যুক্তরাজ্যজুড়ে শত শত শাখা বন্ধ করে দেওয়ায় বর্তমানে তাদের প্রায় ১,৮০০টি স্টোর এবং ৫১,০০০ কর্মী রয়েছে। তবে এটি এখনও একটি অত্যন্ত পরিচিত ব্রিটিশ ব্র্যান্ড হিসেবেই টিকে আছে।

তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বুটস ৭.৫ বিলিয়ন পাউন্ডের বেশি বিক্রি করেছে, যা ২০২৪ সালের তুলনায় ৩.২ শতাংশ বেশি।

রিটেইল বিশেষজ্ঞ এবং ‘স্যাভি মার্কেটিং’-এর প্রধান নির্বাহী ক্যাথরিন শাটলওয়ার্থ বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে ক্রেতারা দোকানে খুব একটা বড় পরিবর্তন দেখতে পাবেন না।

তবে নতুন মালিকরা ব্যবসায় বিনিয়োগ করায় সময়ের সাথে সাথে ক্রেতারা আরও উন্নত কেনাকাটার অভিজ্ঞতা আশা করতে পারেন।

তিনি জানান, স্বাস্থ্য ও সৌন্দর্য খাতটি ব্যবসার ক্ষেত্রে একটি ’বিশাল বৃদ্ধির ক্ষেত্র’ এবং নতুন মালিকানার বিনিয়োগ এতে সহায়ক হবে।

গত দুই দশকে বুটসের মালিকানা পরিবর্তনের বিষয়টি বারবার আলোচনায় এসেছে এবং কখনো কখনো হাতবদলও হয়েছে। সিকাডোর পার্টনার্স মাত্র ১৮ মাস বুটসের মালিকানায় ছিল।

শাটলওয়ার্থ বলেন, মালিকানাদের এই ঘন ঘন পরিবর্তন প্রতিষ্ঠানের জন্য একটি “অপ্রয়োজনীয় বাধা” ছিল।

ঐতিহ্যের ধারাবাহিকতা ও নতুন নেতৃত্ব
১৮৪৯ সালে জন বুট নটিংহ্যামে প্রথম ভেষজ পণ্যের দোকান খোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সে সময় তিনি ঐতিহ্যবাহী ওষুধের একটি সাশ্রয়ী বিকল্প তৈরি করেছিলেন।

দশকের পর দশক ধরে এর পরিধি বাড়লেও স্বাস্থ্যপণ্য এখনও তাদের ব্যবসার একটি মূল অংশ। টিকা দেওয়ার পাশাপাশি তারা চোখ ও কানের পরীক্ষা করার সুবিধাও দিয়ে থাকে, যা দৈনন্দিন জীবনে এবং করোনাভাইরাস মহামারীর মতো জাতীয় সংকটের সময়ও অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

১৯৯৭ সালে তারা তাদের বহুল জনপ্রিয় লয়্যালটি স্কিম ‘অ্যাডভান্টেজ কার্ড’ চালু করে, যা পরবর্তীতে অন্যান্য খুচরা বিক্রেতারাও অনুসরণ করতে শুরু করে।

উইটিংটন-এর চেয়ারম্যান গ্যালেন ওয়েস্টন বুটসের নতুন চেয়ারম্যান হবেন। তিনি চেইনটির জন্য দোকানগুলোর মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ নতুন কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “একটি দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল মালিকানা, আরও মূলধন বিনিয়োগ এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মানসিকতা নিয়ে আমরা একটি চমৎকার ব্যবসাকে আরও উন্নত করার অর্থপূর্ণ সুযোগ দেখছি।”

ওয়েস্টন পরিবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বুটস রিটেইল অপারেশনস, বুটস অপটিশিয়ান্স, নো সেভেন বিউটি কোম্পানি (No7 Beauty Company) এবং থাইল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ব্যবসাগুলো কিনে নিচ্ছে। এই চুক্তিটি ২০২৭ সালের শুরুর দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ওয়েস্টন পরিবারের কানাডিয়ান গ্রোসারি চেইন ‘লোব্লজ’ (Loblaws), ফার্মেসি ব্যবসা ‘শপার্স ড্রাগ মার্ট’ রয়েছে। এর আগে তারা ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর ‘সেলফরিজেস’ পরিচালনা করেছিল এবং পরে তা ৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেয়।

এছাড়া, ওয়েস্টন পরিবারের যুক্তরাজ্য শাখাটি ‘অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস’-এর (প্রিমার্কের মূল কোম্পানি) সংখ্যাগরিষ্ঠ মালিক।

চলতি বছরের ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এ প্রায় ১৯ বিলিয়ন পাউন্ডের সম্মিলিত সম্পদ নিয়ে ওয়েস্টন পরিবার পঞ্চম স্থান অধিকার করেছিল।
টরন্টো ভিত্তিক হোল্ডিং কোম্পানি ‘ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস’-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উইটিংটন বুটসের পরিচালনাগত নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

এদিকে, স্টেফানো পেসিনা এবং তার পরিবারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সিকাডোর পার্টনার্স মেক্সিকোর ‘ফার্মাসিয়াস বেনাবিদেস’ এবং জার্মানির ‘অ্যালায়েন্স হেলথকেয়ার ডয়েচল্যান্ড’-এর মালিকানা নিজেদের কাছেই রেখে দিচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026