মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৮

হবিগঞ্জ সীমান্তে কামান বিধ্বংসী গোলার সন্ধান

হবিগঞ্জ সীমান্তে কামান বিধ্বংসী গোলার সন্ধান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হবিগঞ্জের সাতছড়িতে ভারত সীমান্তবর্তী পাহাড়ি বনে দিনভর অভিযানে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা পেয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকালে প্রথম দিনের অভিযান শেষে এই গোলা পাওয়ার কথা জানিয়ে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, আরো গোলাবারুদ সেখানে রয়েছে বলে তাদের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী দেখেছেন, বনে একশ’ ফুট উঁচু টিলার মাঝামাঝি স্থানে বিভিন্ন বাংকারে অভিযান চালাচ্ছেন প্রায় ১০০ র‌্যাব সদস্য। তাদের সঙ্গে ডগ স্কোয়াডও ছিল। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পরিচালক (মিডিয়া ও লিগ্যাল উইং) উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমানও সেখানে ছিলেন।

সংরক্ষিত ওই বনাঞ্চলে টিলার ওপর গভীর কূপের মধ্যে তৈরি করা বাংকারের মধ্যে এই গোলাগুলো পাওয়া যায়। এই গোলাগুলোর উৎস জানতে চাইলে কর্নেল জিয়া বলেন, তারা আরো তদন্ত করে পরে তা জানাবেন। যে স্থানটিতে এই গোলাবারুদ পাওয়া গেছে, তা এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) আস্তানা ছিল বলে মনে করা হয়। ত্রিপুরার এই বিদ্রোহী দলটি এখন দুর্বল হয়ে পড়েছে। ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশের ৩ কিলোমিটার ভেতরে চুনারুঘাট উপজেলার সাতছড়ির এই বনে অস্ত্র থাকার প্রাথমিক তথ্য পেয়ে কয়েকদিন ধরে অভিযানের প্রস্তুতি চলছিল বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযান শেষে ঢাকায় ফেরার পর কর্নেল জিয়া বলেন, দিনের আলো কমে আসায় তারা অভিযান স্থগিত করেছেন, তবে বুধবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হবে। তিনি বলেন, তারা ১৮৪টি উচ্চক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী গোলা উদ্ধার করেছেন। এই গোলা ছোড়ার কাজে ব্যবহারের ১৫৪টি চার্জও পাওয়া গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026