শীর্ষবিন্দু নিউজ: সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম নিহতের ঘটনায় ৬ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা: এ কে এম মোশাররফ হোসেনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বুধবার রাতে কলেজ ছাত্রলীগ ক্যাডারদের হামলায় ছাত্রদল নেতা তাওহীদুল নিহত হন। ছাত্রলীগের সন্ত্রাসীরা আবু সিনা ছাত্রাবাসে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে তাকে হত্যা করে।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার থেকে বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকবে। ছাত্রলীগের ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী কোতয়ালী একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের চাচা আনোয়ার হোসেন মাতব্বর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)-এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রদল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের পাশাপাশি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আর মহানগর বিএনপি রোববার সিলেটে অর্ধদিবস হরতালের ডাক দিয়ছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোর্শেদ আহমদ চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এছাড়া, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর আগে সকালে তিনি জানান, এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।