শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের জনগণে মাথাপিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার তিনি মাথাপিছু ১৬২ দশমিক ২০ ডলার ঋণের তথ্য জানান।
আয়েন উদ্দিন দেশের বৈদেশিক ঋণের পরিমাণ এবং এর বিপরীতে বছরে কত টাকা সুদ দিতে হয়, তাও জানতে চান। অর্থমন্ত্রী জানান, ২০১২-২০১৩ অর্থবছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ ২৪ হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।
গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ১৪৭ দশমিক ৬০ কোটি টাকা পরিশোধ করেছে; যা রপ্তানি আয়ের শতকরা ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ।
এ সময়ে ঋণের আসল বাবদ ৩ হাজার ৫১৫ দশমিক ৬০ মিলিয়ন ডলার (২৭ হাজার ৫৪৪ দশমিক ৭০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানান, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা ১১ দশমিক ৫৬ কোটি।