শীর্ষবিন্দু নিউজ: শিক্ষা মন্ত্রণালয় বরাবরের মতো দশম রমজান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির প্রস্তুতি নিলেও মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে ভিন্নমত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি রমজানের প্রথম দিন থেকে স্কুল-কলেজে ছুটি ঘোষণার পক্ষে মত জানিয়েছেন বলে এক মন্ত্রী জানিয়েছেন। সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজগুলো প্রথম রোজা থেকেই বন্ধ রাখতে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে রমজান শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকে রোজায় অফিস সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাখার সিদ্ধান্তও হয়েছে। ওই মন্ত্রী বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দশম রোজা থেকে স্কুল-কলেজ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। কিন্তু প্রধানমন্ত্রী তাতে সায় না দিয়ে বলেন, রোজায় সবারই কাজ বেড়ে যায়। নারীরা পুরো মাসই ব্যস্ত থাকেন, সকালে বাচ্চাদের স্কুলে নেয়া কষ্টকর হয়ে যায়। প্রথম রোজা থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সেই নির্দেশনা অনুযায়ী নির্দেশনা দেয়ার কাজ শুরু করতে যাচ্ছেন। গত কয়েক বছর ধরে দশম রমজান থেকে স্কুল-কলেজে রোজা ও ঈদের ছুটি হচ্ছে। তবে গত বছর হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ক্লাস না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোজার ছুটি ১৭ দিন কমিয়ে আনলেও পরে তা বাতিল করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাক্রম অনুযায়ী, গত বছর রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার বৈঠকের পর রোজার ছুটি পুনর্নির্ধারণ করে আদেশ জারি করতে সোমবারই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।