শীর্ষবিন্দু নিউজ: আসন্ন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে ভোটার নম্বর ও কেন্দ্রের নাম নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপনির্বাচনে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে ভোটার নম্বর সহজেই জানতে পারবেন।
সূত্র জানিয়েছে, ইসির জাতীয় পরিচয়পত্র অণুবিভাগ ভোটারদের হয়রানি দূর করতে ইন্টারনেটে এ দু’টি তথ্য জানানোর সুপারিশ করেছে। মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠকে এ নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। এতে সবার মতামত পাওয়া গেলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ইসির ওয়েবসাইটের মাধ্যমে ভোটারদের ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানানোর চিন্তা ভাবনা চলছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভোটারদের আর ভোটার নম্বরের জন্য ছুটোছুটি করতে হবে না। এক্ষেত্রে ভোটারকে ইসির ওয়েবসাইটে লগ ইন করে নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ক্লিক করতে হবে। এরপরই তিনি পেয়ে যাবেন তার ভোটার নম্বর ও ভোটকেন্দ্র।
এছাড়া, মোবাইলের মেসেজের মাধ্যমেও এ দু’টো তথ্য ভোটারদের জানাবে ইসি। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। নির্বাচনে মোট ১৪১টি ভোটকেন্দ্রের ৬৭৪টি ভোটকক্ষে ৩ লাখ ৪২ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান (লাঙ্গল প্রতীক), কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার (গামছা প্রতীক), নাগরিক পরিষদের প্রার্থী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এস এম আকরাম (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ (চিংড়ী প্রতীক)।