সন্ধ্যায় ছয়টার কয়েক মুহূর্ত আগে (আসর নামাজের বিরতির পর) নিজ আসন থেকে উঠে দাঁড়ান মমতাজ বেগম। কচি কলাপাতা রঙের শাড়ি-ব্লাউজে বাঙালির গৃহবধূর চিরন্তন সাজে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি। কয়েক মিনিট বাজেটের ওপর আলোচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আরো একটি গানের সুরে ‘হায়রে বাঙ্গালী, ওরে বাঙ্গালী তোরা বুঝবিরে একদিন/ শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন…’ সংসদ মাতিয়ে তোলেন মমতাজ।
এ সময় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও হাসতে থাকেন। গানে গানে তার বক্তব্য শেষ করার সময় করতালি দিয়ে, কেউ কেউ টেবিল চাপড়ে শিল্পী মমতাজকে শুভেচ্ছা জানান উপস্থিত সংসদ সদস্যরা।