সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২

বিসিসিটিএফ ফান্ডে তহবিল বরাদ্দের দাবি টিআইবি’র

বিসিসিটিএফ ফান্ডে তহবিল বরাদ্দের দাবি টিআইবি’র

শীর্ষবিন্দু নিউজ: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) তহবিল বরাদ্দ না করায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে বাজেট প্রস্তাব চূড়ান্ত করার আগেই বিসিসিটিএফ এ প্রয়োজনীয় তহবিল বরাদ্দের আহ্বান জানিয়েছে বার্লিন ভিত্তিক সংস্থাটির বাংলাদেশ শাখা।

সোমবার বিকেলে এক বিবৃতিতে টিআইবি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) প্রয়োজনীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছে।

বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ সরকার পরপর গত চার অর্থ বছর যাবৎ নিজস্ব জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে বিসিসিটিএফ গঠনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের সদিচ্ছার প্রমাণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় ও আন্তর্জাতিক বিবেচনায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

অন্যদিকে এর মাধ্যমে বিসিসিআরএফ এ অ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলো থেকে তহবিল প্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ় করেছে। ২০০৯-১০ অর্থবছর থেকে বিসিসিটিএফ তহবিলে মোট ২ হাজার ৭শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কোননো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটে বিসিসিটিএফ এ তহবিল বরাদ্দ না করায় আমরা বিস্মিত। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কর্মকৌশল (বিসিসিএসএপি) অনুযায়ী অভিযোজন কার্যক্রমের জন্য বিসিসিটিএফ এ প্রয়োজনীয় তহবিল বরাদ্দের বিকল্প নেই। তাই ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কমপক্ষে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের সমপরিমাণ তহবিল বরাদ্দ করা উচিত বলে আমরা মনে করি।

অ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে উন্নয়ন সহায়তার বাইরে অতিরিক্ত ও নতুন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিসিসিআরএফ এ তেমন কোনো উল্লেখযোগ্য পরিমাণ তহবিল বরাদ্দ না করায় ড. জামান উদ্বেগ প্রকাশ করে দ্রুত রেজিলিয়েন্স ফান্ডে প্রতিশ্রুত তহবিল বরাদ্দের দাবি জানান। অন্যদিকে উভয় তহবিলের ব্যবস্থাপনা, প্রকল্প অনুমোদন, অর্থছাড় ও প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় পরিপূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানায় টিআইবি।

জলবায়ু তহবিলের ব্যবহারে সুশাসনের ঘাটতি বা অনিয়মের অভিযোগ সংক্রান্ত তথ্য প্রকাশের কারণে তহবিলের অর্থছাড়ে গড়িমসি বা বরাদ্দ না করা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার সমতুল্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে যতো বেশি অঙ্গীকার ও সক্ষমতা প্রদর্শনে সক্ষম হবে, বাংলাদেশে জলবায়ু তহবিলের প্রাপ্যতা ততোধিক নিশ্চিত হবে বলে মনে করে টিআইবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026