শীর্ষবিন্দু নিউজ: দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাইওয়ানে ওষুধ রপ্তানি করবে। অনুমতি হিসেবে সম্প্রতি বেক্সিমকোকে তাইওয়ান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (টিএফডিএ) গুড ম্যানুফেকচারিং প্র্যাকটিসেস সার্টিফিকেট প্রদান করেছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান বলেন তাইওয়ান পাওয়া এ অনুমোদন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস’র জন্য গর্ব। আমাদের কোম্পানী গুণগত উচ্চমান বজায় রেখে ওষুধ উৎপাদন করায় তার স্বীকৃতিই এই সার্টিফিকেট। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী একটি জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়া এবং নিয়ন্ত্রিত বাজারে নিজেদের উপস্থিতি মজবুত করার প্রচেষ্টায় এটি একটি কার্যকারী পদক্ষেপ। প্রাথমিকভাবে ওরাল সলিড, ইনহেলার ও স্টেরিল আই ড্রপ রপ্তানী করবে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশে এধরণের সনদ প্রথম পেল কোম্পানীটি।
নাজমুল হাসানের মতে, এই অর্জন বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেক্সিমকো ফার্মার বাজার সম্প্রসারণের প্রচেষ্টাকে এগিয়ে নিবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানী করছে এই কোম্পানী। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের বিশ্বমানের উৎপাদন ব্যবস্থায় এজিইএস (ইইউ), টিজিএ (অস্ট্রেলিয়া) এবং এএনভিআইএসএ (ব্রাজিল)-সহ আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা থেকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যকটিসেস) অনুমোদন পেয়েছে। অন্যান্য উন্নত দেশের মতো তাইওয়ানও সম্প্রতি জেনেরিক ওষুধের জন্য বাজার উন্মুক্ত করছে। বিশ্বে বেক্সিমকো ফার্মার মতো হাতেগোনা কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ানের এই সনদ পেয়েছে।
তাইওয়ান এফডিএ বিশ্বের শীর্ষস্থানীয় রেগুলেটরদের মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠানটি সনদ প্রদানের ক্ষেত্রে সব সময়ই কঠিন এবং সতর্কতা অবলম্বন করে থাকে। তাইওয়ানের এ সনদ প্রাপ্তি বেক্সিমকো ফার্মার জন্য অনন্য অর্জন। ফলে এশিয়ার দেশগুলোতেও বেক্সিমকোর ওষুধের বাজার উন্মুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।