নিউজ ডেস্ক: টঙ্গীর চৈতী কমপ্লেক্সের পোশাক কারখানাটির চারপাশে পর্যাপ্ত পানি থাকার কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে হতাহতের ঘটনা থেকে রক্ষা করা গেছে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দেওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনতে খুব সহজ হয়েছে। কথাগুলো বলছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
তিনি বলেন, সোয়া ৪টায় আগুন লাগার খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবার চেষ্টা করি। প্রথমে দু’টি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে আমরা আরো ৯টি ইউনিট নিয়ে কাজে নামি। প্রায় এক ঘণ্টার বেশি চেষ্টা চালানোর পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, বিশেষ করে কারখানার চারিদিকে পর্যাপ্ত পানি থাকার কারণে আমাদের কাজ করা সহজ হয়েছে। বড় ধরনের হতাহত থেকে আমরা রক্ষা পেয়েছে সাধারণ মানুষ।
তবে স্থানীয়রা বলছেন, এই ভবনে যদি সহজেই উঠানামার ব্যবস্থা না থাকতো তবে আরেকটি তাজরিন ট্রাজেডি হতে পারতো। টঙ্গির সাতাশ মেডিকেল রোড দারাইলের পোশাক কারখানাটি মূল সড়ক থেকে প্রায় ৬শ’ ফিট দক্ষিণে ৭ তলার দু’টি ইউনিট রয়েছে। পাশাপাশি দু’টি পোশাক কারখানা। একটি এসএস স্যুয়েটার আরেকটি হলো ফেইম স্যুয়েটার। আর ভবনের নাম চৈতী কমপ্লেক্স। দুই কারখানায় শ্রমিক উঠানামার জন্য রয়েছে ৪টি গেট। ভবনের পূর্বদিকে এসএস সুয়েটার আর পশ্চিম দিকে ফ্রেম সুয়েটার। দুই কারখানা মিলে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। শনিবার বিকেলে কারখানা দু’টিতে প্রায় ২ হাজারের মতো পোশাক শ্রমিক কাজ করছিলো।
ফেইম সুয়েটার কারখানার কর্মী শাহিন বলেন, এসএস সুয়েটার কারখানার ৪ তলার গুদামে বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে। এ সময় গুদামটি বন্ধ ছিলো। আগুন লাগার পরপরই আগুন আগুন বলে চিৎকার শুনতে পায়। এরপর আমরা দৌড়া-দৌড়ি করে নেমে আসি। তিনি জানান, তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৫০ জনের অধিক শ্রমিক আহত হয়েছে। তবে আঘাত গুরুতর নয়। তিনি বলেন, আগুন ৪ তালায় লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ৪ তলা থেকে আগুন ছড়িয়ে ৫ তলা ও ৬ তলা পর্যন্ত ছড়িয়ে যায়।
পোশাক শ্রমিক আমিনুল বলেন, আমরা নিজেরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে তারা কাজ শুরু করে। এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ভবনের ৪টি গেট দিয়ে শ্রমিক ওঠানামা করে। আর ওই গেটগুলো দিয়ে শ্রমিকরা দ্রুত নেমে যায়। আশপাশে পর্যাপ্ত পানি ও দ্রুত শ্রমিকরা না নামতে পারলে এ কারখানায় আরেকটি তাজরিন ট্রাজেডি হতে পারতো।
এ ব্যাপারে ফেইম সুয়েটার কারখানার মালিক বলেন, এসএস সুয়েটারের গুদামে আগুন লেগেছে। এর মালিক একজন কোরিয়ান নাগরিক। তার নাম মি. কুক। যদি আগুনটি এই কারখানা পর্যন্ত ছড়াতে তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তারপরও প্রায় ১০০ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।