শীর্ষবিন্দু নিউজ: মহানগরীর কতোয়ালি থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাবুলকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিসিক্ত হয়েছেন জালাবাদ থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এসএমপি কমিশনার মিজানুর রহমান ওসি আতাউর রহমান বাবুলকে প্রত্যাহারের নির্দেশ দেন।
ব্যবসায়ীকে মারধরের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে মামলাও হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মেট্রো কমিশনার জানান, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলী করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন করায় গত ১৭ জুলাই সিলেট নগরীর নয়াসড়কে পুলিশের হাতে আটক হন সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ চৌধুরীর বড় ভাই কামাল আহমদ চৌধুরী।
এরপর তাকে থানায় নিয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) তাহের ও কনস্টেবল অধির শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ করে তার পরিবার। বর্তমানে কামাল চৌধুরী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এ প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে ওসি আতাউরসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দেন। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসি আতাউর রহমানকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ওসি আতাউর রোববার সকালে দায়িত্ব হস্তান্তর করবেন। এছাড়া, আদালতের নির্দেশনা অনুযায়ী ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হচ্ছে।