শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাস্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুতে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজ গত সোমবার বিকেলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। এ সময় উড়োজাহাজটিতে ১৯১ জন যাত্রী ছিলেন।
বাংলাদেশ বিমানের পরিচালক (প্রকৌশল) উইং কমান্ডার আসাদুজ্জামান জানান, বিমানের প্রকৌশলীরা নেপালে গিয়ে উড়োজাহাজটিকে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরিয়ে নিয়ে এসেছেন।
জানা যায়, ঢাকা থেকে কাঠমান্ডুতে অবতরণের সময় বিমানের এয়ারবাসটি (এ৩১০-৩০০) হার্ড ব্রেক কষলে বাঁ-পাশের একটি চাকা গরম হয়ে ধোঁয়া বের হয়। তবে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এর পর ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে ওই দিন রাত ১০টার দিকে ফিরতি পথে ৯২ জন যাত্রীকে দেশে নিয়ে আসা হয়।


