শীর্ষবিন্দু নিউজ: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে চড়ে লন্ডন হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন কেন্দ্রীয় লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেইনে। হোটেলে এসে পৌঁছার পর স্লোগানে স্লোগানে মুখর দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মো. আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার এম তালহা, প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী হোটেল হিল্টন অন পার্ক লেইনেই অবস্থান করবেন। দু‘দিনের এই ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলে জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। আগামী ১ অক্টোবর বুধবার দেশের উদ্দেশে লন্ডন ত্যাগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী বোন শেখ রেহানার সঙ্গেই একান্তে সময় কাটাবেন বলে জানা গেছে।