পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাংকের তরফ থেকে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এ খাতে সহায়তাস্বরূপ ৫০ হাজার টাকার চেক তুলে দেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী।
একই অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের পক্ষ থেকে ঈদ উপহারস্বরূপ সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরীলিপি নিয়ে রচিত ২৫টি গ্রন্থ মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে জনকল্যাণধর্মী এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী বলেন, পূবালী ব্যাংক দেশব্যাপী আর্থিক সেবাদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে অংশ নিতে পেরে আমরা সৌভাগ্যবান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সচিব লুৎফুর রহমান, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, বন্দরবাজার শাখার ব্যবস্থাপক শাহ মো. দস্তগীর আজম প্রমুখ।