শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। হামলাকারী সাইফুর রহমান ও হাসান আহমদ অভিকে চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারী বলে অবিহিত করেন তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলাকারী সাইদুর ও অভিসহ অন্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এমসি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মত প্রকাশের স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সিলেটের এমসি কলেজে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত সাইফুর রহমান ও অভি ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগের কোন ইউনিটের সঙ্গেই তাদের সম্পৃক্ততা নেই। অপরাধীদের স্থান বাংলাদেশ ছাত্রলীগে নেই। কারণ ছাত্রলীগ একটি সুবৃহৎ, প্রগতিশীল ও ঐতিহ্যবাহী সংগঠনের নাম। এখানে কোন চিহ্নিত অপরাধীর স্থান নেই।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। তিনি এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত। বৃহস্পতিবার সার্টিফিকেটের কাজে তিনি কলেজে যান। ঘটনার সময় কলেজ অডিটোরিয়ামের সিঁড়ির সামনে অবস্থানকালে ছাত্রলীগের সাইদুল ও অভির নেতৃত্বে ৮/১০ জন সশস্ত্র ক্যাডার নোমানের ওপর হামলা চালায়। ছাত্রলীগ ক্যাডাররা তাকে কুপিয়ে জখমও করে। নোমান জানান, সম্প্রতি বাংলানিউজে এমসি কলেজে ছাত্রলীগের আধিপত্য নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। এ কারণে হামলার ঘটনাটি ঘটাতে পারে ছাত্রলীগ।
আহত আব্দুল্লাহ আল নোমান জানান, ছাত্রলীগ ক্যাডাররা অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও মাথায় আঘাত করে। তাকে বেল্ট দিয়েও পেটানো হয়। প্রাণ রক্ষায় তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভবনে আশ্রয় নেন। এক পর্যায়ে সেখানেও সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। পরে অনিক নামে এমসি কলেজ ছাত্রলীগের একজন হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করে একটি সিএনজিচালিত অটোরিক্শায় তুলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।