১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাকান্ডের পিছনে যে জিয়াউর রহমান জড়িত ছিলেন তা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে প্রফেসর নুরুল ইসলাম রচিত ” Making of a Nation : Bangladesh ” পৃষ্ঠা নম্বর ১৬৬ – ১৬৯ এ । জিয়াউর রহমানের শাসনামল ও তথাকথিত ৭ নভেম্বর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন ব্রিটিশ লেখক Anthony Meskarenhas তার রচিত ” Bangladesh : A legacy of blood ” গ্রন্হটিতে । এই বইটি ১৯৮৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয় । মেজর রফিকুল ইসলাম এর রচিত ” রক্তাক্ত ৮১ ” বইটি পড়লেও যে কেউ বুঝতে পারবেন জেনারেল জিয়া কি পরিমান ক্ষমতালোভী ছিলেন এবং বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে তিনি মার্শাল ল এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা অফিসারদের বিচারের নামে প্রহসন সৃষ্টি করে রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক মিনিটের আদালতের মাধ্যমে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন ।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর বেঈমান মোশতাককে ক্ষমতায় বসানো হয় । মোশতাক ক্ষমতায় বসেই জিয়াউর রহমানকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন । কিন্তু মোশতাক তিন মাসও ক্ষমতায় থাকতে পারেননি । মোশতাকের পর প্রধান বিচারপতি সায়েম অস্হায়ী রাষ্ট্রপতির পদে নিয়োগ পান । কিন্তু সেনা প্রধান জিয়া অস্ত্রের ভয় দেখিয়ে জেনারেল এরশাদের সহায়তায় রাষ্ট্রপতি পদে আসীন হন । ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানার ভিতরে হত্যাকান্ডের সময় জিয়া সেনা প্রধান ছিলেন । সেনা প্রধানের অনুমতি ছাড়া সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্হান জেলখানার ভিতর নৃশংস হত্যাকান্ড সংঘটিত হলো কিভাবে ? এই হত্যাকান্ড সংঘটিত হওয়ার কিছুদিন আগে বঙ্গভবন থেকে জাতীয় চার নেতার কাছে প্রস্তাব পাঠানো হয় মন্ত্রীসভায় যোগদান করার জন্য । কিন্তু তারা ঐ প্রস্তাবে রাজী হননি । যখন ঐ প্রস্তাব পাঠানো হয় তখন বঙ্গভবনে ছিলেন জিয়াউর রহমান, মোশতাক, ডালিম ও রশিদ সহ আরো কয়েকজন উচ্চভিলাষী ক্ষমতা লোভী পথভ্রষ্ট সেনা অফিসার ।
মার্শাল ল বহাল রেখে অস্ত্র দেখিয়ে ক্ষমতা দখল করা কোন গনতান্ত্রিক বিধান কি না তা নব্য ইতিহাসবিদ তারেক জিয়াই বলতে পারবেন । সম্পূর্ণ অবৈধভাবে ও অগনতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে জনগনের সকল অধিকার হরণ করেছিলেন । ক্ষমতার মসনদ রক্তে রঞ্জিত করেছিলেন । ঐ রক্ত কিন্তু সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন সেনাবাহিনীর কোন সদস্যকে ফাঁসির হুকুম দেননি । একটি প্রানও ঝরেনি । কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসেই ক্ষমতাকে আরও নিস্কন্ঠক করার জন্য একের পর এক অফিসার ও জোয়ানদের হত্যা করেছিলেন । এমনকি যে কর্নেল তাহের তাকে ক্ষমতায় বসতে সহায়তা করেছিলেন তাকেও তিনি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন । বিভিন্ন লেখকের জিয়ার শাসনামলের উপর লিখিত বই পড়ে এটা পরিস্কার বুঝা যায় যে ৭ নভেম্বর জিয়া নিজেই নিজেকে বন্দী করেছিলেন এবং কর্নেল তাহেরকে দিয়ে সৈনিকদের মাঝে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করেছিলেন । বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশারফ ও পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের প্রচন্ড চাপে জিয়া সৈনিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছিলেন । কিন্তু এর সুফল ভোগ করেছিলেন জিয়াউর রহমান । তাহের ঢাকা সেন্ট্রাল জেল থেকে তার স্ত্রীকে কয়েকটি চিঠি লিখেছিলেন । এই চিঠিগুলো অতি গোপনে তার আইনজীবি তার স্ত্রী লুৎফার কাছে পৌঁছে দেয় । ১৫ জুলাই ১৯৭৬ সালে তাহের যে চিঠি তাকে লিখেছিলেন আমি সেখান থেকে কিছু অংশ পাঠকদের জন্য তুলে ধরছি –
[ জিয়ার বেঈমানী প্রসঙ্গে — this is only one example of such treachery in our history and that is of MIR JAFOR. আদালত এসব কথা রেকর্ড করতে অস্বীকার করে । এতে আমাকে বলতে চেয়্যারম্যানের উদ্দেশ্যে — I have seen small people in my life but never a smaller than you. অবশেষে এ প্রসঙ্গে আদালত রেকর্ড করে । Fortunately for us today is not 1757. Today is 1976. We have the revolutionary soldiers — we have the revolutionary people to frustrate the evil de – sing of a conspirator Ziaur Rahman.
জিয়াকে আস্তাকুড় থেকে তুলে দিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ সম্মান, কিন্তু সে আস্তাকুড়ে ফিরে গেছে । ইতিহাস আমার পক্ষে । ]
১৮ জুলাই ১৯৭৬ সালে তাহের তার স্ত্রীর কাছে যে চিঠি লিখেছিলেন তার কিছু অংশ তুলে ধরছি । এই চিঠিই ছিল তাহেরের শেষ চিঠি । তার আগের দিন তাহেরকে ফাঁসির আদেশ দিয়েছিল তথাকথিত গোপন আদালত ।
[ গতকাল বিকাল বেলা ট্রাইবুনালের রায় দেয়া হলো, আমার জন্য মৃত্যুদণ্ড । ———————— সবশেষে ট্রাইবুনাল আমার মৃত্যুদন্ড ঘোষনা করে বেত্রাহত কুকুরের মত তাড়াহুড়া করে বিচার কক্ষ পরিত্যাগ করিল । একই দিন আনোয়ার, ইনু, রব ও মেজর জিয়াকে ১৪ বৎসর সশ্রম কারাদন্ড দিয়েছিল । রায় শুনে সবাই হতবাক হয়ে গেল । সমস্ত আইনজীবিরা স্তম্ভিত হয়ে গেল । —————————– কিন্তু বিশ্বাসঘাতক ও চক্রান্তকারী জিয়া আমাকে জনগনের সামনে হেয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে । আতাউর রহমান ও অন্যদেরকে বলবে সত্য প্রকাশ করা তাদের নৈতিক দ্বায়িত্ব । ]
তাহেরকে সামরিক আইনের যে ধারায় ফাঁসি দিয়েছিল ঐ ধারায় কোন ফাঁসির কোন বিধান ছিল না । এবং তাহেরকে উচ্চ আদালতে আপীল পর্যন্ত করতে দেয়া হয়নি । এই হলো জিয়ার গনতন্ত্রের নমুনা । ৭ নভেম্বর হলো সৈনিক হত্যা দিবস । এবং বাঙালি জাতির জন্য এক লজ্জা যে বাংলাদেশের বুকে এই রকম জঘন্য এক চক্রান্তকারীর জন্ম হয়েছিল । তাহেরের আইনজীবি ছিলেন জিনাত আলী ও শরীফ চাকলাদার । তাদের মাধ্যমেই সব চিঠি তাহের তার স্ত্রীকে পাঠাতেন ।
মোট অভিযুক্ত — ৩৩ জন ।
প্রধান আসামি —— লেঃ কর্নেল আবু তাহের (অব:) বীর উত্তম ।
গ্রেফতার ——– ২৪ নভেম্বর ১৯৭৫ ।
আদালত গঠন ———- ১৪ জুন ১৯৭৬ (১ নং সামরিক আদালত) ।
চেয়ারম্যান ———— কর্নেল ইউসুফ হায়দার (রাজাকার ছিলেন)
কোর্ট মার্শাল শুরু —— ২১ জুন ১৯৭৬ ।
রায় ঘোষনা ———— ১৭ জুলাই ১৯৭৬। বিকেল ৩ টা ।
মৃত্যুদণ্ড কার্যকর ————- ২১ জুলাই ১৯৭৬ ।
সর্বমোট কোর্ট মার্শালের কার্যক্রম ২৬ দিন ।
উচ্চ আদালতে আপীল করতে দেয়া হয়নি ।
(ধারাবাহিকভাবে প্রকাশিত হবে)
সূত্র: বিডিনিউজ২৪