কাজী আরিফ আহমেদ: সেলফি বা নিজের ছবি নিজে তোলার চলটা কিন্তু আজকের নয়। নতুন এ শব্দটি অভিধানে অতি সম্প্রতি সংযোজিত হলেও, শব্দটির প্রয়োগ ঘটেছে আজ থেকে ১৭৫ বছর আগে। তখন ফ্রন্ট-ক্যামেরা, হাই মেগা-পিক্সেলসম্পন্ন ক্যামেরা, ছবিতে নানা রকম ইফেক্ট সংযোজন কিছুই ছিল না।
এটা ১৮৩৯ সালের কথা। মার্কিন ফটোগ্রাফার রবার্ট কর্নেলিয়াস নিজের ছবি তোলার জন্য ক্যামেরার সামনে ঠায় ৫ মিনিট বসে ছিলেন। এরপর হলো ক্লিক। আর সেটাই ঠাঁই করে নিলো ইতিহাসের পাতায়। ‘সেলফির জনক’ তাকে বলা যাবে কিনা, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। আপাতত, তাকে জনক বলতে হয়তো আপত্তি থাকবে না সমালোচকদের। ফিলাডেলফিয়ায় বাবার দোকানের পেছনে বসে সে ছবিটি তুলেছিলেন রবার্ট। এতো সহজেই ব্যাপারটা হয়নি।
সেলফি তুলতে তিনি ক্যামেরার লেন্সের ক্যাপ সরান, দৌড়ে ফ্রেমের সামনে গিয়ে স্থির হয়ে ৫ মিনিট বসে থাকেন। ক্লিক হওয়ার পরপরই দ্রুত দৌড়ে গিয়ে লেন্স ক্যাপটি বসিয়ে দেন। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। হল্যান্ডের এক অভিবাসীর ছেলে রবার্ট পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ছবি তোলায় পারদর্শিতা অর্জনের পর ফটোগ্রাফার পেশা বেছে নেন তিনি।
তবে মাত্র ২ বছর এ পেশায় ছিলেন তিনি। পরবর্তীতে, তিনি তার পিতার ল্যাম্প বাতির ব্যবসা দেখাশোনা করতেন এবং ২০ বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ল্যাম্পের সেই ব্যবসা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লাইটিং কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮৭৭ সালে অবসর নেয়ার পর ১৮৯৩ সালে মৃত্যুবরণ করেন রবার্ট কর্নেলিয়াস।