শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ব্রিটেন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশে অর্থনৈতিক কর্মযজ্ঞ বেড়েই চলছে। বর্তমান সরকার প্রবাসীদের স্বার্থ রক্ষায় বিশেষ আন্তরিক জানিয়ে তিনি বলেন, বৃটেনের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর লক্ষে লন্ডন-সিলেট রুটে বিমানের আরো একটি ফ্লাইট চালু করা হয়েছে।
গত ৬ই নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) আয়োজিত ‘ট্যুরিজম এন্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিবিসিসি’র নব নিযুক্ত ১০ জন ডাইরেক্টরকে পরিচয় করিয়ে দেয়া হয়।
সেমিনার পূর্ব সংবাদ সম্মেলনে বিবিসিসি’র সার্বিক কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে বিবিসিসি’র কর্মকা-ে বেশ গতি সঞ্চার হয়েছে। প্রেসিডেন্ট মহতাব চৌধুরী, ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী এবং ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে সাইদুর রহমান রেনু চলতি বছরের শুরুতে দায়িত্ব নেয়ার পর সম্প্রতি ১০ জন ডাইরেক্টর নিয়োগ দেয়া হয়েছে। সদস্য সংখ্যাও বেড়ে বর্তমানে ৮শ’ ছাড়িয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের প্রস্তাবিত সিলেট স্পেশাল ইকোনমিক জোনে ব্রিটেন প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের সাথে আলোচনা চলছে। এছাড়া ইকোনমিক জোন তৈরিতে বিনিয়োগের লক্ষ্যে বিবিসিসি ইতোমধ্যে ব্রিটিশ নির্মাণ প্রতিষ্ঠান পিপি এক্সপার্ট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, নেটওয়ার্কিং কর্মসূচীর অংশ হিসেবে ইটালিয়ান, ফ্রেঞ্চ এবং চাইনিজ চেম্বার সহ ১৫টি চেম্বারের সাথে সম্পর্ক স্থাপন করেছে বিবিসিসি। লন্ডন চেম্বারসহ সবগুলো ব্রিটিশ চেম্বারের সদস্যপদ নিয়েছে তারা।
সেমিনারে বাংলাদেশে পর্যটনখাতের অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রনালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার, সেন্টমার্টিন এবং সিলেটে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চায় সরকার। এসব ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগকে প্রধান্য দেয়া হচ্ছে। ব্রিটেন প্রবাসীরা এ সুযোগ গ্রহণ করলে লাভবান হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রেডিসেন্ট মাহতাব চৌধুরী বলেন, প্রবাসীদের কাছে বিনিয়োগের সুযোগ এবং সম্ভাবনাগুলো তুলে ধরার জন্য বিবিসিসি সেঁতু বন্ধন হিসেবে কাজ করছে। বাংলাদেশ কিংবা ব্রিটিশ সরকারের মন্ত্রী, এমপিদের সাথে মত বিনিময়, সেমিনার আয়োজন, রাষ্ট্রদূতদের সাথে বৈঠক কিংবা বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলোর সাথে সভার আয়োজন করে বিবিসিসি এ কাজটি করে যাচ্ছে।
ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, যেসব উন্নয়নশীল দেশে সুশাসন এবং ন্যায় বিচার উন্নত সেসব দেশের পর্যটন এবং বিনিয়োগের ক্ষেত্রে ততটা দ্রুত এগিয়ে যাচ্ছে। পর্যটকরা যাতে নিরাপত্তাবোধ করেন সে পরিস্থিতি নিশ্চিত করার জন্য তিনি মন্ত্রীর কাছে আহ্বান জানান। লিখিত বক্তব্যে বলা হয়, নব নিযুক্ত ডাইরেক্টররা হলেন বর্তমান ব্রিটেনের উদীয়মান ব্রিটিশ বাঙালি। তারা নিজ নিজ ক্ষেত্রে ইতোমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছেন। বিবিসিসি’র সাথে যুক্ত হয়ে তারা নতুন প্রচজন্মের বাঙালিদের বাবসা বাণিজ্যে উৎসাহিত করতে ভুমিকা রাখবেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি, ফাইন্যান্স ডিরেক্টর সাইদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ এমবিই, এনাম আলী এমবিই, মেম্বারশীফ ডাইরেক্টর মনির আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রোজমিলা। নব নিযুক্ত ডাইরেক্টরা হলেন- আতাউর রহমান কুটি (সিনামোন ট্রি লি:), হাফিজ আলম বক্স (এটিএন বাংলা ইউকে), আহমেদ হাসান (ডাইরেক্ট অটো সার্ভিস), মো. মঈন উদ্দিন রোজভিউ হোটেল, সিলেট), মো. আব্দুল মুকিত (ইউরোক্রস ফ্রোজেন ফুড), হেলাল উদ্দিন খান (হিলসাইড ট্রাভেল লি:), এসএম খালেদ আহমদ (বিকে লি:), সুফি মিয়া (এটিএন বাংলা ইউকে), শাকুর আলী (জাফলং লি:)।