আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনকে বশে আনার কাজ দেয়া হয়েছিল বহুল আলোচিত আবেদনময়ী রাশিয়ান গুপ্তচর অ্যানা চ্যাপমানকে। তার দায়িত্ব ছিল রূপের জাদুতে ঘায়েল করে স্নোডেনকে মস্কোতে রাখা। আর এ হুকুম এসেছিল রাশিয়ার গোয়েন্দা বাহিনীর উচ্চপদস্থ স্থান থেকে। বৃটেনের ট্যাবলয়েড সানডে পিপলের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
মার্কিন গোপন নজরদারি কার্যক্রম ফাঁস করে দিয়ে আলোচনায় আসেন এডওয়ার্ড স্নোডেন। নানা নাটকীয়তার পর রাশিয়াতে গিয়ে রাজনৈতিক আশ্রয় পান তিনি। আর একপর্যায়ে অ্যানা চ্যাপমান তার টুইটারে স্নোডেনকে বিয়ের প্রস্তাব দেন।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির (সাবেক কেজিবি) সাবেক মেজর বোরিস কার্পিচকোভ বলেন, স্নোডেন যদি ওই প্রস্তাব মেনে নিতো তাহলে রাশিয়ার নাগরিকত্ব পেতে পারতো। আর তেমনটা হলে রাশিয়ায় আটকে যেতেন স্নোডেন। সেক্ষেত্রে নাগরিক হিসেবে দেশ ছাড়তে হলে অনুমতির প্রয়োজন হতো। তিনি আরও বলেছেন, স্নোডেনের সঙ্গে চ্যাপম্যানের একবার দেখা হয়েছিল। কিন্তু পরিণতি কি হতে পারে তা ভেবে উদ্বিগ্ন ছিল স্নোডেন।
কার্পিচকোভের মস্কো সূত্র বলেছে, অ্যানা চ্যাপম্যানকে দিয়ে স্নোডেনকে বশে আনার পরিকল্পনা ফেদেছিলেন ক্রেমলিনের স্পাইমাস্টার ভøাদিমির শোরিক। ২০১০ সালে যুক্তরাষ্ট্র অ্যানাকে রাশিয়ায় ফেরত পাঠায়। এরপর তিনি নানা সময় শোবিজ জগত মাতিয়ে রেখেছিলেন। কখনওবা রগরগে ফটোশুট করে, কখনও ক্যাটওয়াকে আবেদনময়ী উপস্থিতি দিয়ে। এছাড়া একটি টিভি অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন তিনি।