শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অনেক নাটকিয়তার পর অবশেষে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর প্যানেল মেয়র পদের উপর কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাব কর্পোরেশনের মাসিক সভায় অনুমোদন দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিকের প্যানেল মেয়র (২) সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত কর্পোরেশনের মাসিক সভায় গত ১০ই জুন অনুষ্টিত মাসিক সভার সকল কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র মহোদয় অনুপস্থিত থাকায় প্যানেল মেয়র (২) সালেহ আহমদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় নিয়ম অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ এবং অনুমোদন করা হয়েছে। ঐ সভায় যা ছিল সবই অনুমোদন করা হয়েছে।