নিউজ ডেস্ক: আবারও শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। ৫ই জানুয়ারির নির্বাচনকে ঘিরে গত শনিবার থেকে উত্তপ্ত হয়ে উঠে দেশ। টানা অবরোধে রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ। এতে পণ্যবাহী কোন গাড়ি ঢাকায় ঢুকতে পারেনি।
গত কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ সবজি নষ্ট হয়েছে মোকামে ও মাঠে। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। অন্যদিকে চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় রাজধানীতে শীতকালীন সবজিসহ নিত্যপণ্যের দামও হয়ে যাচ্ছে চড়া। সবজি জাতীয় পণ্য উৎপাদনে বিখ্যাত বৃহত্তর উত্তর বঙ্গ। বেসরকারি পর্যায়ের এক গবেষণায় দেখা যায়, উত্তরবঙ্গে উৎপাদিত পণ্য সারা দেশের ৭৪% চাহিদা মেটায়। বাকি চাহিদা মেটায় দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের জেলাগুলো।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আজন্ম কৃষি গবেষক ড. এম মনজুর হোসেন জানান, অবরোধ-অবরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্ত দেশের সাধারণ কৃষক। ব্যাংক ঋণ নিয়ে তারা জমিতে চারা রোপণ করে। দীর্ঘ অপেক্ষা শেষে যখন লাভের আশা করে, তখন অসুস্থ রাজনীতি তাদের সব স্বপ্ন চূর্ণ করে দেয়। তিনি বলেন, সবজি জাতীয় পণ্যের মওসুম সীমিত। নির্ধারিত সময়ে পণ্য হস্তান্তর করতে না পারলে হয় বয়স বেড়ে যাবে, না হয় পচে যাবে।
তিনি বলেন, ইতিমধ্যেই কৃষকরা হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রায় অর্ধশত কৃষক তার কাছে এ অভিযোগ করেছেন বলে জানান কৃষিবিদ ড. মনজুর। তিনি বলেন, এক সপ্তাহের কাছাকাছি সময় ধরে গোলযোগ চলছে। এটাকে আরও বাড়তে দিলে কৃষকদের পেটে চূড়ান্ত পর্যায়ের লাথি দেয়া হবে। যা তাদের উৎপাদন কাজ থেকে দূরে সরিয়ে নিতে পারে বলে তার আশঙ্কা।
এদিকে সার্বিক পরিস্থিতির কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশের ব্যবসায়ীদের বৈষম্যমূলক আচরণ, অবরোধসহ নানা কারণে আমদানিকারকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর সমাধান না হওয়া পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে রাইস এক্সপোর্ট এসোসিয়েশন (আরইএ) প্রেসিডেন্ট শাহ আলম বাবু জানান, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। পুরোনো ঘা শুকিয়ে উঠতে না উঠতে আবার শুরু হয়ে গেল হানাহানি। রাজনৈতিক অস্থিরতার প্রধান ও অন্যতম বলি ব্যবসায়ীরা। হাজার কোটি টাকার লেনদেন কখনও শূন্য, আবার কখনও যৎসামান্য। সব মিলিয়ে চোরাগোপ্তা লেনদেন মাঝে মাঝে হলেও তা ২০০ কোটি টাকার বেশি হবে না। অথচ স্বাভাবিক দিনে এসব লেনদেন ছিল হাজার কোটি টাকার ওপরে।
এ ছাড়া আমদানি-রপ্তানি বিদেশের সঙ্গে সম্পৃক্ত। দেশে নৈরাজ্য দেখে বিদেশীরাও আসা বন্ধ করে দিয়েছে। জানা গেছে, ইতিমধ্যে তীর, ফ্রেস, পুষ্টিসহ প্রায় সব কোম্পানি পাঁচ লিটারের বোতলজাত ভোজ্য তেলে ১৫ টাকা বাড়িয়েছে। এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকা। যা কিছু দিন আগেও ছিল ৪৮৫ টাকা। একজন ডিলার জানান, ৫ই জানুয়ারির পর পণ্যবাহী ট্রাক আসেনি। সে কারণে তার গুদাম ফাঁকা, এক ছটাক তেলও নেই তার গুদামে। ভয়ে কেউ আসতে চায় না। আর যারা রাজি হচ্ছে তারা অনেক বেশি দাম হাঁকাচ্ছে। তিনি বলেন, রূপসী থেকে প্রতি ট্রাক ভাড়া রাখা হতো ২৫০০ টাকা। বর্তমানে রাখা হচ্ছে ৫০০০ টাকা।
বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা জানান, চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কখন কি হয়ে যায়। সর্বত্র আতঙ্ক আর ত্রাহি অবস্থা বিরাজ করছে। তিনি বলেন, পাইকারি ব্যবসায়ী হওয়ায় আমাদের নেটওয়ার্ক দেশব্যাপী। কিন্তু যে অরাজকতা শুরু হয়েছে তাতে লেনদেন ৭৫% কমে গেছে।
তিনি বলেন, স্বাভাবিক দিনে দৈনিক লেনদেন হতো প্রায় ৬০০ কোটি টাকা। বর্তমানে তা একদম তলানীতে নেমে এসেছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মুক্তি চাই, নিরাপত্তা চাই। সমঝোতার মাধ্যমে উভয় নেত্রীয় যেন ব্যবসায়ীদের সুষ্ঠু পরিবেশ উপহার দেয়, সে কামনা করেন।
ওদিকে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় বেশ কিছু পণ্যের দাম চড়া দেখা যাচ্ছে। প্রতিকেজি পল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১৫ টাকা। একইভাবে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা আগে ছিল ৩০ টাকা। ধনেপাতা কেজি ৪০, ছিল ২৫ টাকা। রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, ছিল ৮৫ টাকা। এ ছাড়া সব ধরনের ডিমের দাম বেড়েছে। ভেণ্ডি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, উস্তে ৮০ টাকা, সিম ৪০ টাকা।