শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আপাতত সালেহ আহমদ চৌধুরীই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পরও প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন না। নগরভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কার্যালয়ে কয়েস লোদী ও সালেহ আহমদ সমর্থক কাউন্সিলরদের মাঝে প্রায় দুই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।
রবিবার সকাল থেকে ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে কয়েস লোদী ও সালেহ আহমদের সমর্থক কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এ জটিলতা সমাধানে একমত হন। এ অবস্থায় বেলা দেড়টার দিকে বৈঠক থেকে বের হন কয়েকজন কাউন্সিলর।
তারা জানান, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আপাতত সালেহ আহমদ চৌধুরীকেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারা আরো জানান, ভারপ্রাপ্ত মেয়র কে হবেন তা আইনের মাধ্যমেই সমাধান হবে। আইন যার পক্ষে থাকবে তিনিই ভারপ্রাপ্ত মেয়র হবেন। তবে সৃষ্টি জটিলতা সমাধানকল্পে আপাতত সালেহ আহমদ চৌধুরীই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
প্যানেল মেয়র-২ সালেহ আহমদ জানান- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার এখতিয়ার সাময়িকভাবে বরখাস্তকৃত মেয়রের। তাই সিটি করপোরেশন থেকে কাগজপত্র আরিফুল হক চৌধুরীর কাছে পাঠানো হবে। কারান্তরিণ মেয়র আরিফ যাকে দায়িত্ব দেবেন তিনিই দায়িত্ব পালন করবেন।