বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩১

অবরোধে বিপর্যস্ত জনজীবন

অবরোধে বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক: বিরোধী জোটের ডাকা টানা অবরোধে প্রতিদিনই বাড়ছে সহিংসতা। পুড়ছে মানুষ, পুড়ছে সম্পদ। সহিংসতার বেড়াজালে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। কিছু রুটে স্বল্প সংখ্যক বাস ছাড়লেও নিরাপত্তাহীনতার কারণে যাত্রীর সংখ্যা কম। পুলিশ এবং বিজিবির নিরাপত্তার মধ্যেও গাড়িতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। পুলিশ পাহারায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হলেও তাও কার্যত ব্যর্থ।এ অচলাবস্থায় বন্দরগুলোয় পণ্যবাহী গাড়ি আটকে থাকায় রাজধানীতে পণ্য সরবরাহ কমে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

দিনের বেলায় রাজধানীতে চলাচল করা গেলেও ভয়ঙ্কর হচ্ছে রাতের ঢাকা। অলিগলি, রাজপথে মানুষ চলছে অজানা আশঙ্কা নিয়ে।কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায়ও এখন আর নিস্তার নেই। সেখানেও ফুটছে বোমা। বোমা পড়ছে মন্ত্রী, রাজনীতিক এমনকি বিচারপতির বাসভবনেও। রাজধানীর এমন এক ভীতিকর পরিস্থিতিতে সন্ধ্যার পর মানুষ আর বাইরে থাকছে না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই নিজ নিজ গন্তব্যের দিকে ছোটে। চিরচেনা ব্যস্ত রাজধানী এখন এক অচেনা নগরী। এমনকি শনিবার রাতে খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, আরেক উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। শনিবার নগরীতে অন্তত ১০টি যানবাহনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় পুড়েছে সাতটি গাড়ি।

রোববারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। অবরোধের অস্টম দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও অবরোধ চলাকালে আইনমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ফেনীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হচ্ছে। গত আট দিনে এ পর্যন্ত ৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত তিনশতাধীক। ফেনী, বরিশাল, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, মুন্সিগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সোনামসজিদ স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। নারায়ণগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, গাজীপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও গণগ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখা হয়েছে এখনো।

জানা গেছে, পাবনার চাটমোহরে রোববার ভোররাতে মহিলা কলেজ রোডে পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। এসময় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক আ. হালিম (৪০)। পুলিশ অভিযান চালিয়ে ২ শিবির কর্মী ও ২ বিএনপির নেতাকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার ভোররাতে পাবনা থেকে পণ্যবাহী একটি ট্রাক (বগুড়া-ট ১১০৪২৯) চাটমোহরের উদ্দেশ্যে ছেড়ে আসলে চাটমোহর পৌর সদরের মহিলা কলেজ রোডে অবরোধকারীদের হামলার শিকার হয়। এসময় ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকলে ট্রাক চালক গুরুতর আহত হয়। রোববার ভোর সাড়ে ৬টার দিকে বগুড়া-নগড়বাড়ী মহা সড়কে উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজের পাশে অবরোধকারীরা যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিক্সা পুড়িয়ে দিয়েছে। তবে অটোরিক্সাটির চালক ও যাত্রীরা অক্ষত রয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। অটোরিক্সা চালক খোকন জানায়, অবরোধকারীরা যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে দিয়ে গাড়ীতে আগুন দেয়। অটোরিক্সাটি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিল।

ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড, নিরাপত্তা নিয়ে শঙ্কা: সারা দেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখতে গলদঘর্ম রেলওয়ে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা, আগুন দেয়া, নিরাপত্তাকর্মীদের হামলার ঘটনায় তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ এসব নাশকতা যেমন শক্তভাবে এড়াতে পারছেন না তেমনি ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় যে, সেখানে যাত্রীদের প্রচণ্ড ভিড়। দিনের টিকিট সকাল বেলায় শেষ হয়ে গেছে। অনেক যাত্রী টিকিট না পেয়ে বাধ্য হয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট কিনছেন। অবরোধের কারণে ট্রেন কখন ছেড়ে যায় আর কখন আসে তার কোন নিশ্চয়তা মিলছে না। এতে সাধারণ যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছেন। তাদের কণ্ঠেও হতাশার সুর শোনা গেলো।

সূত্র জানায়, কমলাপুর রেলস্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১১৬ কিলোমিটার এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার কমলাপুর রেলওয়ে থানা চট্টগ্রাম বিভাগের রেলওয়ে পুলিশের অন্তর্ভুক্ত। এতো বড় এলাকা পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে নিরাপত্তা বাহিনী দরকার তা রেলওয়ের নেই। তবে অবরোধকে কেন্দ্র করে প্রতি ১ কিলোমিটারে ৩ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তারা প্রতিনিয়ত রেললাইনের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করছেন এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ নিয়ে কমলাপুর থানায় আলাদা একটি নিরাপত্তা সেল খোলা হয়েছে। এছাড়াও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে দুইজন পোশাকধারী এবং ৫ জন সাদা পোশাকধারীসহ ৭ পুলিশের সদস্যরা থাকছেন।

কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, প্রতিদিন ২৪ ঘণ্টায় কমলাপুর রেলস্টেশনে ৬২টি ট্রেন দেশের বিভিন্নস্থান থেকে আসে। কিন্তু শনিবার একতা, হাওর, সুবর্ণা ও লালমনি এক্সপ্রেসসহ ২৬টি ট্রেন সময়মতো পৌঁছেনি। যাত্রা বাতিল হয় একটির। প্রতিঘণ্টায় যেখানে ট্রেন চলে ৬০ কিলোমিটার। সেখানে অবরোধকে কেন্দ্র করে ২০ কিলোমিটার চলছে। অত্যন্ত সতর্ক অবস্থায় ট্রেন চালানো হচ্ছে। প্রতি কিলোমিটারের লাইন ঠিক আছে কিনা তা আগে সিগনাল নেয়া হচ্ছে। কেননা, অবরোধকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে রেলের ফিশপ্লেট খুলে ফেলা হচ্ছে। কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, অল্প জনবল দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করার জন্য আরও দক্ষ জনবল লাগবে। পুলিশ যে কোন মূল্যে নাশকতা এড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর শহরের ইটেরপোল এলাকায় শনিবার সকাল ৯টার দিকে ২০ দলের সড়ক অবরোধকালে ও মিছিলে সময় পুলিশের ধাওয়া ও ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে মিয়ার রাস্তার মাথায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বাস টার্মিনাল, ইটেরপোল, আলীয়া মাদ্রাসা এলাকায় তিনটি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি জানান, শনিবার দিনাজপুরে ৫টি ট্রাক এবং একটি ট্যাংকলরিতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় আগুনে ঝলছে গেছে ট্রাক হেলপার আবুল কালামের শরীর। এছাড়াও আহত হয়েছে আরও একজন সহকারীসহ দু’জন (ড্রাইভার) চালক। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ইটের আঘাতে আহত হয়েছে ট্রাকচালক আলামিন। একই স্থানে অবরোধকারীদের ধাওয়ার মুখে পালানোর চেষ্টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মিনি ট্রাক। এতে আহত চালককে বীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে এবং (হেলপার) সহকারীকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। অগ্নিসংযোগের পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। সকাল সাড়ে ৭টায় দিনাজপুর জেলা শহরের ষষ্টিতলা সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট মোস্তাকিনুর রহমানের বাসভবনে ককটেল হামলা সন্ধ্যায় যখন তিনি ঘরে বসে ছিলেন এমন সময় তার বাসভবন লক্ষ্য করে দুর্বত্তরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলগুলো বাসভবনের ভিতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। শহরের নিয়ামতনগর এলাকায় অবস্থিত গণপূর্ত বিভাগের অফিসার্স কোয়ার্টারে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিনুর রহমান। কয়েক গজের মধ্যেই রয়েছে পুলিশ সুপারের বাসভবন। ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকলেও দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি জানান, দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ পানামা পোর্ট লিঙ্কে আটকে পড়ে পণ্যবাহী ট্রাক। আটকেপড়া পণ্যবোঝায় ট্রাক শনিবার সকাল ১০টার সময় যখন আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় পারাপার করার সময় আবারও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উপজেলার কানসাট মিলিক ব্রিজ থেকে গোপালনগর মোড়ে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, ট্রাক ভাঙচুর হয়। এ ঘটনায় আহত হন মাসুদ রানা নামে এক ট্রাক হেলপার। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট, শটগান ও রাইফেলে গুলি ছোড়ে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে বিভিন্নস্থানে বিএনপি’র ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সুরুজ, মাসুম ও সুমন।

রূপগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় রূপগঞ্জে সড়কে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া দিলে অবরোধকারী পালিয়ে যায়। উপজেলার ভায়েলা এলাকার ভুলতা-মুড়াপাড়া সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেয় অবরোধকারীরা।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কাজল পরিবহন এজেন্সির একটি মালামাল বোঝাই কন্টেইনার ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০২-৮৬) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ড্রাইভার ও হেলপারকে বেদম পিটিয়ে মোবাইল ও ২১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়া সিকদার রাস্তার মাথা ও বর্ডার নামক স্থানে হামলা চালিয়ে একটি ট্রাক, ৬টি মোটরসাইকেল, ২টি অটোরিকশাসহ ১০ গাড়ি ভাঙচুর করেছে। এ সময় কন্টেইনার চালক মাহবুব, হেলপার রাজীব, অটোরিকশা চালক মো. রফিক, যাত্রী মো. পারভেজ ও শফিক হোসেনসহ ৭ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। অগ্নিসংযোগে মালামালসহ পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, চিরিরবন্দরের দিনাজপুর- সৈয়দপুর মহাসড়কের গোঘাটা নামকস্থানে দূর্বৃত্তদের দেয়া আগুনে ২টি ট্রাক ও ১টি ট্যাঙ্কলরির সম্মুখভাগ পুড়ে গেছে। এ অগ্নিসংযোগের ঘটনাটি শুক্রবার রাত আনুমানিক আড়াইটায় উপজেলার নশরতপুর ইউনিয়নের গোঘাটা নামকস্থানে ঘটেছে। ট্রাকের চালক বাবলু চন্দ্র রায় জানান, আমরা বীরগঞ্জের ইটভাটায় কয়লা ফেলে আসছিলাম। রাত আড়াইটায় এখানে ২৫/৩০ জনের একটি দুর্বৃত্তের দল রাস্তার দু’ধারে বেশ ক’টি ইউক্যালিপটাস গাছ কেটে এবং ৪টি ট্রলি দিয়ে রাস্তা অবরোধ করে। অগ্নিসংযোগে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে পুলিশের পিকআপ ভ্যানসহ কমপক্ষে ৪০টি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে অবরোধকারীরা। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পাশে প্রায় ৩০-৩৫ জনের অবরোধকারীরা হঠাৎ সড়কে ইটের টুকরো ফেলে অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা পেট্রোল ঢেলে একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ২০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীদের ধাওয়ায় দু’টি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়। এর আগে সকালের দিকে অবরোধ সমর্থনে যাত্রীবাহী বাসসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকার নাসির মেমোরিয়াল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি গাড়ি এবং শহরের সেন্ট্রাল হাইস্কুল মোড়ে ১০/১২টি সিএনজি অটোরিকশাসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেছে। এদিকে ফেনীতে অবরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের গাড়িতে বোমা হামলা-ভাঙচুর, ম্যাজিস্ট্রেট আহত ও বিচারপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করেছে। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, অবরোধকারীরা শুক্রবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের গাড়িতে বোমা হামলা চালিয়ে ভাঙচুর করলে ম্যাজিস্ট্র্রেট আবদুল কাদির মিয়া ও ম্যাজিস্ট্র্রেট রাশেদুর রহমানের স্ত্রী সাঈদা আফরীন মুস্তারি আহত হয়। এ ঘটনায় গাড়ি চালক রিয়াদ বাদী হয়ে শনিবার দুপুরে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অসংখ্য জনকে আসামি করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি গাড়ির টায়ারে আগুন দিয়েছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে প্রায় একঘণ্টা যাত্রীবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল ৬ টার দিকে ৩টি টায়ারে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ২০ দলীয় জোটের টানা অবরোধের ৪দিন পর পুলিশ ও বিজিবি পাহারায় কুড়িগ্রাম থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কোচগুলোতে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। কুড়িগ্রাম-ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ কমাতে শুক্রবার রাত ১০টায় কোচ ও মালবাহী ট্রাকসহ প্রায় শতাধিক গাড়ি প্রশাসনের উদ্যোগে বিশেষ পাহারায় কুড়িগ্রাম থেকে ছেড়ে যায়। শনিবার সকালেও একইভাবে কুড়িগ্রাম থেকে দূরপাল্লার বেশ কয়েকটি যানবাহন ছেড়ে যায় ঢাকার পথে।

জামালপুর প্রতিনিধি জনান, অবরোধের কারণে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করছে না। বিএনপি’র নেতাকর্মীরা অবরোধ চলাকালে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে।

খুলনা প্রতিনিধি জানান, অনির্দিষ্টকালের অবরোধে অচল মহানগরী খুলনা। অবরোধের কারণে খুলনা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। জোটের শ’ শ’ নেতাকর্মী সকাল থেকে রাজপথে সক্রিয় থেকে অবরোধ কর্মসূচি সফল করতে উদ্যোগী ভূমিকা পালন করেছে। সকাল ১০টায় নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থকদের নাশকতার প্রেক্ষিতে খুলনা থেকে যশোর পর্যন্ত রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং কর্মচারীরা দিনে ও রাতে রেললাইন পাহারা দিচ্ছেন। খুলনা স্টেশন থেকে যশোর ক্যান্টনমেন্ট পর্যন্ত রেলপথ রয়েছে ৬৪ কিলোমিটারের। দুই সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আওতায় রেলপথ পাহারার দায়িত্বে রয়েছেন মাত্র ১১০ জন কর্মকর্তা-কর্মচারী।

কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ঢুলিপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ শিবিরকর্মীকে আটক করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বিভিন্ন স্থানে রাতের আঁধারে চোরাগুপ্তা হামলা চালিয়ে ২০ থেকে ২৫টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়াও শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় একটি বাসে করা হয়েছে অগ্নিসংযোগ। শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দিগাম্বর, পুঁটিজুরী, ডুবাঐ, চলিতাতলা, বাহুবল, দৌলতপুর, তগলী, বসিনা ও হাফিজপুর এলাকায় এসব গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়িগুলোর মধ্যে রয়েছে দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও মালবাহী ট্রাক। এদিকে, একই সময়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় একটি ওয়ার্কশপে দাঁড়ানো অবস্থায় একটি লোকাল বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তার ধারণা এটি একটি দুর্ঘটনা। হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় শুক্রবার রাতে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই শঙ্কর বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেন।

নোয়াখালী প্রতিনিধি জানান, শনিবার সকাল ৯টার দিকে নোয়াখালী শহরে জেলা ছাত্রদলের ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবাশ্বের আলী নাসিম (৩৫) সহ বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাশ্বের আলী নাসিমকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাতে মাইজদী বাজারে অবরোধ সমর্থনকারীরা ৫টি বাস, নতুন বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস, একটি পিকআপ ও দত্তেরহাটে ৩টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। অবরোধের কারণে নোয়াখালী থেকে দূরপাল্লার বাসসহ সকল যান চলাচল বন্ধ রয়েছে।

রংপুর প্রতিনিধি জনান, শনিবার পুলিশের গাড়িসহ ২৬ যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশের দাবি ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়েছে। মিঠাপুকুর থানা অফিস ইনচার্জ রবিউল হোসেন জানান, রংপুরের পুলিশ কর্মকর্তা গাড়ি নিয়ে এক নিমন্ত্রণে এসে ফেরার পথে মিঠাপুকুর টিএন্ডটি অফিসের সামনে জামায়াত-শিবিরের ক্যাডাররা হামলা চালায়। এদিকে স্থবির হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তেল-ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বেড়ে চলেছে। পাশাপাশি রংপুরের বাইরে যেতে না পারায় কপি, টমেটো, শিম, কাঁচা শাক-সবজির দাম অস্বাভাবিক হারে কমে গেছে। এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও শিবির নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শাহ হাফিজুর রহমান ও শিবির নেতা এমদাদ হোসেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকা থেকে ডিবি পুলিশ শনিবার দুপুরে পেট্রল বোমাসহ হাছিব, রবিউল ও আলী হাসান নামে তিন শিবিরকর্মীকে আটক করেছে। আটককৃতরা পিরোজপুরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশন পরিচালিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। পিরোজপুর ডিবি পুলিশের এসআই তৌহিদুল ইসলাম জানান, আটককৃতরা ভাইজোড়া এলাকায় গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পেট্রল বোমা ছুড়ে আগুন দেয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে ডিবি পুলিশ ও পিরোজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে রবিউল ও আলী হাসানকে বড় ভাইজোড়া এলাকা থেকে এবং দুপুর আড়াইটার দিকে হাসিবকে ছোট ভাইজোড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তিনটি পেট্রল বোমা উদ্ধার করা হয়। এছাড়াও সিলেটের বিয়ানীবাজার,রাজশাহী, সুনামগঞ্জে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে।

সূত্র: পরিবর্তন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026