বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩১

আয় বাড়ছে অপ্রচলিত পণ্যে

আয় বাড়ছে অপ্রচলিত পণ্যে

আবদুর রহিম হারমাছি: রপ্তানি আয়ের কয়েকটি প্রধান খাতের আয় কমলেও চলতি অর্থবছরের প্রথমার্ধে অপ্রচলিত কিছু পণ্যের বিক্রি বাড়ার পাশাপাশি সম্প্রসারিত হয়েছে বাংলাদেশি পণ্যের বাজার। এর উপর ভর করে জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এই সময়ে পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১ হাজার ৪৯১ কোটি ৪০ লাখ (১৪ দশমিক ৯১ বিলিয়ন) ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।

ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতোদিন হাতে গোনা কয়েকটি দেশ ও পণ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমাদের রপ্তানি বাজার। কিন্তু এখন আর সে অবস্থা নেই। নতুন নতুন বাজারে আমাদের পণ্য যাচ্ছে। রপ্তানি তালিকায় যোগ হচ্ছে নতুন পণ্য। যার ফলে প্রধান কয়েকটি পণ্যের রপ্তানি কমার পরও অর্থবছরের প্রথমার্ধে মোট আয় বেড়েছে।”

ইপিবির তথ্যে দেখা যায়, দেশের রপ্তানি আয়ের বেশিরভাগটা আসে এমন কয়েকটি পণ্যের বিক্রি অর্থবছরের প্রথম ছয় মাসে কমেছে।

এর মধ্যে উভেন পোশাকের রপ্তানি কমেছে দশমিক ৩৫ শতাংশ; হিমায়িত খাদ্যের ৬ শতাংশ, চামড়া ১২ শতাংশ; কাঁচা পাট ৪ দশমিক ৩৯ শতাংশ ও টেরিটাওয়েলের রপ্তানি আয় কমেছে প্রায় ৪৭ শতাংশ।

অন্যদিকে ফলমূল, শুকনো খাবার, মসলা, প্লাস্টিক, জাহাজ নির্মাণ, উল এবং উলের তৈরি পণ্যসহ অপ্রচলিত কিছু খাতে আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এর মধ্যে গত ছয় মাসে ফলমূল রপ্তানি থেকে আয় বেড়েছে ১৭৭ শতাংশ; মসলায় ৩৬ শতাংশ; শুকনো খাবারে ৭০ শতাংশ।

এই সময়ে প্লাস্টিক ও মেলামাইন পণ্যের রপ্তানি আয় বেড়েছে ৪০ দশমিক ৩৫ শতাংশ; রাবার ১২ শতাংশ; হস্তশিল্প ২১ শতাংশ; উল ও উলের তৈরি পেণ্যে ৯৪৩ শতাংশ, পাটের তৈরি বস্তা ও থলের ক্ষেত্রে ৩৪ শতাংশ।

বছর দুয়েক আগে রপ্তানির তালিকায় যোগ হওয়া জাহাজ শিল্পে আয় বেড়েছে অভাবনীয় হারে।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে জাহাজ রপ্তানি থেকে ৩৪ লাখ ১০ হাজার ( ৩ দশমিক ৪১ মিলিয়ন) ডলার আয় হয়েছে, গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ হাজার (দশমিক ০৬ মিলিয়ন) ডলার।

হিসাবে জাহাজ রপ্তানি থেকে আয় বেড়েছে ৫৫৮৩ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া বাংলাদেশের জন্য অপ্রচলিত রপ্তানি পণ্য বাই-সাইকেল থেকে এই ছয় মাসে আয় বেড়েছে ৩২ শতাংশ, গলফ সফটে ৩৫ শতাংশ। ইলেকট্রনিক পণ্যের রপ্তানি আয় বেড়েছে ১১৪ শতাংশ।

পণ্যের বহুমুখীকরণে সাফল্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ আরও কয়েকটি নতুন বাজারে নিট পোশাকের রপ্তানি বাড়ায় রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি এ কে এম সেলিম ওসমান।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন ধরেই রপ্তানি বাজার ও পণ্য বহুমুখীকরণের চেষ্টা করা হচ্ছিল। সরকারের পক্ষ থেকে কিছু প্রণোদনাও দেয়া হচ্ছে। যার ফল এখন পাওয়া যাচ্ছে।”

অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি খাতে যে আয় হয়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত (নিট ও উভেন) থেকে।

এর মধ্যে নিট পোশাক রপ্তানি থেকে আয়ের পরিমাণই সবচেয়ে বেশি, ৬০৬ কোটি ১৬ লাখ ডলার। এই পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি।

তবে উভেন পোশাকে আয় হয়েছে ৫৯৬ কোটি ২৭ লাখ ডলার, যা গত বছরের জুলাই-ডিসেম্বরের চেয়ে দশমিক ৩৫ শতাংশ কম।

২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছিল ১১ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে নিট পোশাক খাতে রপ্তানি বেড়েছিল ১৫ শতাংশ, উভেনে প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশ।

এ বিষয়ে সেলিম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিট খাতে যে রপ্তানি বেড়েছে তা নতুন বাজারে আমাদের পণ্য প্রবেশের কারণেই সম্ভব হয়েছে।”

গত অর্থবছরে নতুন কিছু বাজারে বাংলাদেশের নিট পোশাক রপ্তানির গড় প্রবৃদ্ধি ১৭ শতাংশ ছিল জানিয়ে সেলিম ওসমান বলেন, “এখনও ইতিবাচক ধারা অব্যাহত আছে। তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক পরিবেশের ওপর। সহায়ক পরিবেশ থাকলে এবার ১০ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আমি আশা করছি।”

তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনার রেশ এবং রাজনৈতিক সংঘাতের মধ্যেও ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়, যা ছিল আগের বছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি।

২০১৩ সালজুড়ে রাজনৈতিক সংঘাতের পর ২০১৪ সাল শান্ত গেলেও ২০১৫ সাল শুরু হয়েছে সংঘাত ও অবরোধের মধ্য দিয়ে।

“নতুন বছরের শুরুতেই যে অস্থিতিশীল অবস্থা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে শুধু রপ্তানি নয়, অর্থনীতির অন্যান্য সূচকেও নেতিবাচক প্রভাব পড়বে”, বলেন বিআইডিএস এর গবেষণা পরিচালক জায়েদ বখত।

তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থবছরের বাকি সময়ে নতুন বাজারের পাশপাশি পুরনো বাজারেও রপ্তানি বাড়বে বলে তিনি আশা করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026