বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩

মেয়র আরিফুল হকের মায়ের খোলা চিঠি

মেয়র আরিফুল হকের মায়ের খোলা চিঠি

নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বৃদ্ধা মা আমিনা খাতুন তার ছেলেকে ফিরিয়ে দিতে একটি খোলা চিঠি লিখেছেন। খোলা চিঠিতে তিনি ‌‘আমার অসুস্থ ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও’ শিরোনামে সিলেটবাসীর কাছে খোলা চিঠিটি লেখেন। বুধবার এই খোলা চিঠি লিখেছেন তিনি। খোল চিঠিটি প্রচার করেছে ‘আরিফুল হক চৌধুরী মুক্তি পরিষদ।’

আমি আমিনা খাতুন। আপনারা যারা ভালোবেসে বিগত নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে মেয়র নির্বাচিত করেছেন আমি তার মা। আজ আমি বড় অসহায়, হৃদয় আমার ভারাক্রান্ত, অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পুত্রের দুশ্চিন্তায় দিশেহারা। শেষ বয়সে এসেও নির্ঘুম রাত কাটছে আমার। কোন পথ খুঁজে না পেয়ে আমি আমার সবচেয়ে আপনজন সিলেটের মানুষের দ্বারস্থ হয়েছি। যেভাবে আমার সন্তানও নির্বাচনের সময় আপনাদের কাছে শেষ আশ্রয় খুঁজেছিল। ‘মেয়রের মা হিসেবে নয়, একজন অসুস্থ ও বারবার ষড়যন্ত্রের শিকার এক ছেলের অসহায় মা হিসেবে’ আপনাদের বিবেকের দুয়ারে হাজির হয়েছি। ৮৩ বছরের এক অসহায় বৃদ্ধা আপনাদের কাছে ছেলের জন্য দোয়া চাচ্ছি। আমি জানি ছেলের জন্য যে কোনো মানুষের কাছে মায়ের দোয়া চাওয়াটা অন্যায় নয়। আর আরিফুল হক চৌধুরী শুধু আমার সন্তান নয়, যেদিন থেকে সে নগরবাসীর জন্য কাজ শুরু করেছিল, সেদিন থেকে আমি তাকে আপনাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। তাই আরিফ আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন বললেও ভুল হবে না।

আরিফুল হক চৌধুরীর বাবা মারা গেছেন ১৯৯১ সালে। সে আমাদের একমাত্র ছেলে, তার কোনো চাচাও নেই। আমরা আজ অভিভাবকহীন অসহায় এক পরিবার। আমার আদরের ছেলেটিকে ছোটবেলা থেকেই মানবতার সেবায় কাজ করার জন্য শিক্ষা দিয়েছি, তার মধ্যে সেই ইচ্ছাই ছিল। সেজন্য যখনই সুযোগ পেয়েছে আমার ছেলে সিলেটের মানুষের জন্য রাতদিন পরিশ্রম করে গেছে। যা আপনাদের চোখে দেখা। এসব কাজ করতে গিয়ে তাকে অনেক বিপদ মোকাবেলা করতে হয়েছে। দুই দুইবার সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। একবার সড়ক দুর্ঘটনায় সে প্রায় পঙ্গু হয়ে পড়েছিল। আল্লাহর অশেষ রহমত আর সিলেটবাসীর দোয়ায় সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছে, যদিও দুর্ঘটনার কারনে এখনো শারীরিক সমস্যা রয়েই গেছে।

সর্বশেষ মেয়র নির্বাচিত হওয়ার পর রাত দিন পরিশ্রম করার ফলে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল। আবারো আল্লাহপাক আমার প্রতি সদয় হয়েছেন এবং সিলেটের কোটি মানুষের দোয়ায় সুস্থ হয়েছে আমার ছেলে।

সুস্থ হয়ে আমার ছেলে নগরবাসীর জন্য কাজ শুরু করতে না করতেই তার সামনে আবার নতুন বিপদ হাজির হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমার ছেলে এরকম কোনো অপরাধ করতেই পারে না। সিলেটের সকল মানুষই জানেন, এটা একটা গভীর ষড়যন্ত্র। আমি জানি আমার ছেলে নির্দোষ। অভিভাবকহীন পরিবার হিসেবে সিলেটবাসীই এখন আমাদের অভিভাবক।

আমি আপনাদের কাছে আমার ছেলের জন্য দোয়া চাইছি। আর সরকারের কাছে আকুতি জানাচ্ছি, আমার অসুস্থ ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিন।

আমি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে আল্লাহর দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি। নিশ্চয়ই তিনি অসহায় মায়ের কান্না শুনবেন। যে অবর্ণনীয় কষ্ট, মনষিক যন্ত্রণা, অমানবিক অবিচার আমার ছেলের জীবনে বার বার ঘটছে, হে আল্লাহ! তা যেন আর কোনো সন্তানের ভাগ্যে না ঘটে।

সর্বশেষ জানতে পেরেছি, কারাগারে গিয়ে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, এখন সে হাসপাতালের বেডে শুয়ে আছে-শুনেছি তার শারীরিক অবস্থা ভাল নয়। এক অসহায় সন্তানের মা হিসেবে সিলেটবাসীর বিবেকের কাছে আমার প্রশ্ন, কেন আমার ছেলের প্রতি এত নির্মম আচরণ?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026