বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭

ভাল নেই খালেদার প্রতিবেশীরা

ভাল নেই খালেদার প্রতিবেশীরা

কাজী সুমন: রাজধানী গুলশান-২-এর ৮৬ নম্বর রোড। ওই রোডের ৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। ভাল নেই ওই বাড়ির আশপাশের বাসিন্দারা। প্রতিদিনই কোন না কোন বিড়ম্বনায় পড়তে হয় খালেদা জিয়ার প্রতিবেশীদের। শিকার হতে হয় পুলিশি হয়রানির। সকাল-বিকাল দফায় দফায় সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের ঘেরাও কর্মসূচিতে মুহূর্তেই যুদ্ধংদেহি রূপ নেয় ওই এলাকা।

এতে চরম আতঙ্কে সময় কাটান আশপাশের পরিবারগুলো। ভয়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছে না শিক্ষার্থীরাও। প্রায় দুই মাস ধরে প্রতিদিনই এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন ওই এলাকার অর্ধশতাধিক পরিবার।

গত রোববার বিকাল ৪টা। গুলশান থেকে রিকশাযোগে কাঁচা বাজার নিয়ে ফিরছিলেন ৮৬ নম্বর রোডের ৬-এ নম্বর বাড়ির গৃহকর্মী বাবুল। ওই রোডের প্রবেশমুখেই তার রিকশা আটকে দেয় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিচয় দেয়ার পরও তাকে ফিরিয়ে দেয় পুলিশ। একইসঙ্গে ওই পথ দিয়ে বাজার নেয়া যাবে না বলে সতর্ক করে দেয় তারা। বিপাকে পড়েন ওই গৃহকর্মী বাবুল। উপায়ন্তর না পেয়ে ফোন করেন বাসার মালিককে। তিনি নিজেই আসেন গৃহকর্মীকে নেয়ার জন্য। অনেক অনুনয়-বিনয়ের পর তাকে যেতে দেয় পুলিশ। প্রায়ই এরকম হয়রানির শিকার হচ্ছেন ওই রোডের প্রতিটি পরিবারই।

গত ৩রা জানুয়ারি রাত থেকেই এই হয়রানির শুরু। ওই রাতে খালেদা জিয়ার কার্যালয়ের সামনের রাস্তায় ইট-বালুভর্তি ১১টি ট্রাক, রায়ট কার, এপিসি, জলকামান ও পুলিশ ভ্যান মোতায়েন করা হয়। ৮৬ নম্বরের দুই প্রান্তে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। তিনদিন ওই রোডের বাসিন্দারা বাসা থেকে গাড়ি নিয়ে বের হতে পারেননি। আর যারা বের হয়েছিলেন তারা কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। তিনদিন পর বালুর ট্রাকের ব্যারিকেড সরালেও ওই সড়কের দুইপ্রান্তে পুলিশের তল্লাশি চৌকি বহাল রাখা হয়। নতুন হয়রানির মুখোমুখি হতে ওই সড়কের বাসিন্দাদের। সকাল-বিকাল পড়তে হয় পুলিশি জিজ্ঞাসাবাদের সামনে। পরিচয়পত্র দেখিয়ে বাসা থেকে ঢুকতে কিংবা বের হতে হয়।

এ সময় ওই সড়কের পার্ক অ্যাভিলা (৭-বি) অ্যাপার্টমেন্টের ডি-৩ ইউনিটের বাসিন্দা রিয়ার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে পুলিশের। এমন কি পুলিশি কড়াকড়ির কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকে ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। ১৯শে জানুয়ারি ভোররাতে হঠাৎ করেই ওই রোড থেকে জলাকামান ও পুলিশ ভ্যানের ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। খুলে দেয়া হয় খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটকের তালা। পোশাকধারী পুলিশ সদস্যদের সরিয়ে নেয়া হয়। তবে কার্যালয়ের তিনদিকে কিছু দূরে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

এরপরও স্বস্তি মেলেনি ওই রোডের বাসিন্দাদের। এবার মুখোমুখি হতে হয় নতুন বিড়ম্বনার। ৩০শে জানুয়ারি ভোর রাতে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেয় সরকার। একইসঙ্গে বিটিআরসি থেকে চিঠি দিয়ে ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় ৮৬, ৮৮ ও ৯০ নম্বর সড়কের বাসিন্দারা বিপাকে পড়েন। আত্মীয়স্বজনদের সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে না পারায় অবর্ণনীয় দুর্ভোগ পোহান তারা। বাধ্য হয়ে ওইসব রোডে অবস্থিত ডেনমার্ক, জাপান, মিসর, থাইল্যান্ড, জার্মানিসহ বেশ কয়েকটি দূতাবাস লিখিত অভিযোগ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

এর প্রেক্ষিতে ১১ দিন পর সচল করা হয় মোবাইল নেটওয়ার্ক। এদিকে একটি বিড়ম্বনা শেষ হতে না হতেই আরেক বিড়ম্বনার মুখোমুখি হন তারা। ১১ই জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কার্যালয়ে খাবার প্রবেশ ঠেকাতে ৮৬ নম্বর সড়কের দুইপ্রান্তে ফের সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়। যারাই ওই সড়ক দিয়ে কাঁচাবাজার কিংবা খাবার নিয়ে প্রবেশের চেষ্টা করেন তাদের ফিরিয়ে দেয় পুলিশ। এতে হয়রানির শিকার হন ওই রোডের বাসিন্দারা।

ওই রোডের (৬-এ) নম্বর বাড়ির নিরাপত্তা রক্ষী রাসেল মানবজমিনকে বলেন, রিকশাযোগে কেউ খাবার নিয়ে আসলে ৮৬ নম্বর সড়কের মাথায়ই পুলিশ তাদের ফিরিয়ে দেয়। প্রতিটি সিএনজিও তল্লাশি করে তারা। এমনকি আমাদের বাসার কাঁচাবাজার আনার সময় জিজ্ঞাসাবাদ করে। বাসার আত্মীয়স্বজনরা খাবার নিয়ে এলে তাদের ফিরিয়ে দেয়া হয়। এমন বিড়ম্বনা মুখ বুজেই সহ্য করছেন তারা। ৮৬ নম্বর ১/বি’র অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষী মুর্শেদ জানান, শনিবার রাতে ওই অ্যাপার্টমেন্টের চারতলায় একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল। রাতে রিকশাযোগে জন্মদিনের খাবার আনার সময় ওই বাসার গৃহকর্মীকে বাধা দেয় পুলিশ। জন্মদিনের খাবার বলার পরও দায়িত্বরত পুলিশ সদস্য গৃহকর্মীর পেছন পেছন বাসা পর্যন্ত আসে। বাইরে থেকে খাবার আনার সময় এভাবে প্রায়ই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ওই নিরাপত্তা রক্ষী।

এদিকে গত এক মাসব্যাপী প্রায় প্রতিদিনই দফায় দফায় খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাস্তা বন্ধ করে দিয়ে সতর্ক অবস্থান নিতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ওই সড়কের বাসিন্দাদের মধ্যে। ৩রা ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ৬ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যায় ‘খেটে খাওয়া নগরবাসী’ পরিচয়ে সরকারি দলের লোকজন। কার্যালয়ের সামনে যেতে না পেরে রাস্তা বন্ধ করে গুলশান-২ নম্বর গোলচত্বরে অবস্থান নেয় তারা। কূটনৈতিক এলাকায় অবস্থানের ফলে নানা মহলের সমালোচনার মুখে দুদিন অবস্থানের পর চলে যায় তারা। ১৫ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন গুলশান এলাকার সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

১৬ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খান। নৌমন্ত্রীর ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে ওই দিন সকাল থেকেই ৮৬ নম্বর সড়কে ফের কাঁটাতারের ব্যারিকেড দেয়া হয়। ওই এলাকায় মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। দুপুরের দিকে নৌমন্ত্রী যখন কর্মসূচি পালন করছিলেন তখন ৯০ নম্বর সড়কের পূর্বদিকে কয়েকদফা হাতবোমার বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। ওই দিন সন্ধ্যার ৮৬ নম্বর সড়কের ব্যারিকেড সরিয়ে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

১৭ই ফেব্রুয়ারি কার্যালয় ঘেরাও করতে যান মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও যুব মহিলা লীগের নেত্রীরা। বিশৃঙ্খলার আশঙ্কায় গুলশান-২ নম্বর গোলচত্বরেই তাদের আটকে দেয় পুলিশ। গতকাল খালেদা জিয়ার কার্যালয় এলাকায় মানববন্ধন করেন সরকার সমর্থিত মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, লেখকসহ শতাধিক লোক। এতে সকাল ১০টার দিকে ৮৬ নম্বর সড়কের উভয়পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় পুলিশ। চার ঘণ্টা পর কাঁটাতারের বেড়ার একপাশ খুলে দেয়া হলেও জিজ্ঞাসাবাদ করে যানবাহনগুলোকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এছাড়া প্রায়ই কার্যালয়ের সামনের সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই অস্থিরতার কারণে গত দুই মাস ধরে প্রায় বন্ধ রয়েছে ৮৬ নম্বর রোডস্থ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। ভয়ে শিক্ষার্থীরা না আসায় প্রতিষ্ঠানটির শিক্ষকরা হাজিরা দিয়েই চলে যান। প্রতিষ্ঠানটির নিরাপত্তা রক্ষী আমান মানবজমিনকে বলেন, হরতাল-অবরোধের দিন কোন ছাত্রছাত্রী আসে না। শুক্রবার-শনিবার খোলা থাকলেও ভয়ে ছাত্রছাত্রীরা আসে না। তাই স্যাররা হাজিরা দিয়েই চলে যান। এতে অভিভাবকরা খুবই ক্ষুব্ধ। তারা প্রায়ই এসে অভিযোগ করেন, গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটিতে কোন ক্লাস হচ্ছে না। এতে ছেলেমেয়েদের পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের দক্ষিণদিকে বাড়িটি হলো সাবেক এমপি আলহাজ কাশেম আলীর। এরপর পরের বাড়িটি হলো সাবেক এক সেনা কর্মকর্তার। ৮৬ নম্বর সড়কের একেবারে দক্ষিণের বাড়িটি হলো পার্ক অ্যাভিলা (৭-বি) নামের একটি অ্যাপার্টমেন্ট। এতে বসবাস করেন ৩৪টি পরিবার। এছাড়া কার্যালয়ের উত্তরদিকের বাড়িটি হলো বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আহমেদ আকবর সোবহানের। ওয়ান-ইলেভেনের পর বাড়িটি সিলগালা করে দেয়া হয়। পরবর্তীতে তিনি বাড়িটি ভেঙে ফেলেন। বর্তমানে চার দেয়ালঘেরা ওই বাড়িটি কয়েকজন নিরাপত্তা রক্ষী সার্বক্ষণিক পাহারা দেন। এর উত্তরের বাড়িটি ‘তিনকন্যা’ নামের একটি অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে ৯টি পরিবার। এর পরের বাড়িটি হলো এক ব্যবসায়ীর। ৮৬ নম্বর রোডের সর্বউত্তরের বাড়িটি হলো কিংস পার্ক নামে আরেকটি অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টে বসবাস করে পাঁচটি পরিবার।

এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের উত্তর-পূর্বদিকের গলিটি হলো ৮৮ নম্বর রোড। কার্যালয়ের পূর্বদিকের বাড়িটি হলো একটি তেল-গ্যাস কোম্পানির অফিস। এর উল্টো দিকের বাড়িটি হলো থাই দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়। প্রতিদিনই শতাধিক মানুষ নিরাপত্তার বিড়ম্বনা পেরিয়ে দূতাবাসে আসেন। ৮৮ নম্বর রোডে (হোল্ডিং নং ৩ ও ৩-বি) দুটি বাড়ি রয়েছে। তারা সবাই প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে কার্যালয়ের পশ্চিমদিকে রয়েছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দুই হাজার শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করে। ওদিকে কার্যালয়ের ঠিক পশ্চিমদিকে গুলশান সাহাবউদ্দীন পার্কের অবস্থান। ওই পার্কে সকাল-বিকাল শরীরচর্চা করেন অভিজাত এলাকার বসবাসরত বিভিন্ন দেশের বিদেশী নাগরিকসহ শ’ শ’ মানুষ। তবে ৮৬ নম্বর সড়কে কড়াকড়ির কারণে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। পূর্বদিকের প্রবেশপথ বন্ধ থাকার কারণে প্রায় সময়ই অনেক পথ ঘুরে পার্কে ঢুকতে হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026