নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাব চত্বরে কড়ইগাছে উঠে ধর্মঘট করে কয়েক দিন আগে আলোচনায় আসেন লোকটি। হাতে তার হারিকেন। দাবি খুব বেশি নয়, হরতাল-অবরোধ বন্ধ করতে হবে। চিরতরে বিদায় করতে হবে ক্রসফায়ার। ২৪ ঘণ্টার কড়ইগাছ ধর্মঘট শেষে কয়েক ঘণ্টা হাজতবাস করতে হয়েছে তাকে। পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায়। সকাল ৯টা থেকে আটকে
রাখে রাত ১টা পর্যন্ত। তার উদ্দেশ্যে জানতে চায় পুলিশ। নিজেকে দার্শনিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন জালাল উদ্দিন মজুমদার। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশা বলতে সুনির্দিষ্ট কিছু নেই। লেখালেখি করেন টুকটাক। দুই সন্তানের জনক জালাল উদ্দিন মজুমদারের বয়স ৫৭। এর আগেও হারিকেন হাতে ঢাকায় এসেছিলেন।
কি খুঁজে বেড়ান তিনি- জানতে চেয়েছিলাম জালাল উদ্দিন মজুমদারের কাছে। বললেন, আমি খুঁজে বেড়াই শান্তি। খুঁজে বেড়াই সৎ-আদর্শবান একজন রাজনীতিবিদ। যিনি আমাদের সব অশান্তি দূর করে দেবেন। এমন কারও খোঁজ যদি কেউ দিতে পারেন আমি পুরস্কারও ঘোষণা করেছিলাম। কিন্তু এখনও খুঁজে পাইনি। কেন তিনি কড়ইগাছের উপরে উঠেছেন সে ব্যাখ্যাও চমৎকার।
তার ধারণা, ক্ষমতাবানরা থাকেন ওপরে। নিচে থাকা মানুষের আহাজারি তাদের কাছে পৌঁছায় না। যে কারণে কিছুটা উপরে উঠে তিনি তার আহ্বান পৌঁছে দিতে চেয়েছেন ক্ষমতাবানদের কানে। তার আহ্বানে ক্ষমতাবানরা এখনও সাড়া দেয়নি। তবে জালাল উদ্দিন মজুমদারের বিশ্বাস, তারা শুনতে বাধ্য হবেন। হরতাল-অবরোধ-ক্রসফায়ারের অধ্যায় শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। জালাল উদ্দিন মজুমদার দৃঢ়কণ্ঠে বলেন, হরতাল-অবরোধ-ক্রসফায়ার মানুষই তৈরি করেছে। মানুষকেই তা শেষ করতে হবে। এবং মানুষ তা করবেও।