শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দেবার অধিকার শুধু সরকারের। সরকার চাইলে যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারে। গণতন্ত্রের বিকল্প অধিকতর গণতন্ত্র। বিএনপির একটি গণতন্ত্রীপন্থী দল, এই দলের শান্তিপন্থী ও নির্বাচনপন্থীরা বিজয়ী হবেন।
খালেদার আড়াই মাসের আন্দোলনে ৬০ জনের মতো মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন ৬০০ মানুষ। পেট্রোল বোমা ও ককটেল হামলা করে মানুষ মেরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতার সাথে গণতন্ত্রের সহাবস্থান হয় না, হবেও না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এটা অব্যাহত থাকবে।
সোমবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে দিরাই উচ্চ বিদ্যালয়ের ১০০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন- বিএনপি’র মধ্যে অনেকেই আছেন সন্ত্রাস-নাশকতা চান না। তারা নির্বাচনে আসতে চান। সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী ও গাজীপুরে এই সরকারের আমলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নিতে চান। আমাদের বিশ্বাস বিএনপির গণতন্ত্রীকামী নেতারা নির্বাচনে আসবেন। তারা বুঝতে পেরেছেন, ককটেল মেরে, পেট্রোল বোমা মেরে নাশকতা করে গণতন্ত্রকে পরাজিত করা যায় না।
তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি আমদের ব্যর্থতা হলো আমরা ৫ কোটি শিক্ষার্থীদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছি। বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। তারা এসএসসি পরীক্ষার্থীদের ছাড় দেয়নি। আমার বিশ্বাস ২০ দলীয় জোট এইচএসসি পরীক্ষায় ছাড় দিবে এসময় তারা হরতাল অবরোধ রাখবেনা। তিনি বলেন, আগামী রবিবার ও সোমবার দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবছরপূর্তী অনুষ্ঠান হবে। এতে স্কুলটির সাবেক অনেক কীর্তিমান শিক্ষার্থীরা অংশ নেবেন।
শতবছরপূর্তি অনুষ্ঠান দিরাইবাসীর মিলনমেলায় পরিণত হবে। এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামছুল ইসলাম, প্রভাকর চৌধুরী, এনামুল হক লিলু প্রমুখ।