শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মেট্রোপলিটন ইউনিভাসির্টির ছাত্র ও ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সায়মন মিয়া (২৩), বিবিএ ২য় বর্ষের ছাত্র তারেক আলম (২১) এবং এলএলবি ৩য় বর্ষের ছাত্র সোহাগ (২২) গুরুতর আহত হন। তাদের ৩ জনকেই ছুরিকাঘাত করা হয়েছে। সায়ম মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তার পেটে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার দেহে অস্ত্রোপাচার চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে কনসার্টের আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের ৫/৬ ছাত্রলীগ কর্মী অডিটোরিয়ামে ঢুকতে চান। এসময় আয়োজকরা তাদের বিনা টিকেটে ঢুকতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।