বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫

খালেদা জিয়ার নির্দেশনাও যাদের কাছে উপেক্ষিত

খালেদা জিয়ার নির্দেশনাও যাদের কাছে উপেক্ষিত

সৈয়দ বাপ্পী: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনা আমলে নিচ্ছেন না সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষসারিরর নেতা এবং দলের সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশিরা। গ্রেফতার আতঙ্কের মধ্যেও দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে সাধ্যমতো মিছিল-সভা, অবরোধ কর্মসূচি পালনের চেষ্ঠা করলেও দেখা মিলছে না বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের। পদ-পদবি আঁকড়ে থাকা অধিকাংশ নেতাই যেন হাওয়া হয়ে গেছেন।

তাদের কোনো খোঁজ-খবর পাচ্ছেন না দলের কর্মী, সমর্থকরা। একই অবস্থা দলের সাবেক সংসদ সদস্য ও দলের মনোনয়ন প্রত্যাশি নেতাদের। সুযোগ সন্ধানি এসব নেতার দেখা মিলছে না রাজপথে। তারা কোথায় আছেন-সে খবরও জানেন না দলের নেতাকর্মীরা। নেতা ও সাবেক সাংসদরা কী কারণে রাজপথে, মাঠের রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন তা বুঝে উঠতে পারছেন না বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের আমজনতাও।

অবরুদ্ধ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দেশে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা এবং ধরপাকড়ের মধ্যেও দলীয় চেয়ারপার্সনের ডাকে সাড়া দিয়ে সিলেটের রাজপথে উঁকি, ঝুঁকি কর্মসূচি পালন করছেন বিএনপি পরিবার। বিশেষ করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নানাভাবে রাজপথে নেমে তাদের অস্তিত্বের জানান দেয়ার চেষ্টা করছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামানের নেতৃত্বে সিলেটে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

অ্যাডভোকেট সামসুজ্জামানের পথ অনুসরণ করে নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাঈদ আহমদ, রাহাত চৌধুরী মুন্নার নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রদলও মাঠে সরব রয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমও দলের গুটিকয়েক নেতাকে নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের চেষ্ঠা করছেন।

কিন্তু জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক ও দলের কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি আবদুল মন্নান, যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ ও দক্ষিণসুরমা উপজেলা বিএনপির আহবায়ক শফি আহমদ চৌধুরী।

একই আসনের মনোনয়ন প্রত্যাশি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শিল্পপতি খন্দকার মুক্তাদির আহমদ, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালি পংকি, রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা ও মহানগর বিএনপির পদবিধারী অধিকাংশ নেতা এবং সাবেক সংসদ সদস্য ও দলের মনোনয়ন প্রত্যাশিদের দেখা যাচ্ছে না রাজপথে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026