বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

সিলেটে চার কোটি টাকার ভূমি ফের দখল করেছেন উচ্ছেদকারীরা

সিলেটে চার কোটি টাকার ভূমি ফের দখল করেছেন উচ্ছেদকারীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় সিটি করপোরেশনের চার কোটি টাকার ভূমি ফের দখল করেছেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা। তাদের এই দখল প্রক্রিয়ায় সোয়াবের নিয়তে অনুমতি দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। দিনদুপুরে এসব ঘটলেও নগরভবন কার্যত নিরব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন নগরীর আম্বরখানা পয়েন্টে (শরিফ বেকারির পাশে) অভিযান চালিয়ে সিটি করপোরেশনের ৮ শতক ভূমি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সিসিকের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী। উদ্ধার হওয়া ভূমির মূল্য প্রায় চার কোটি টাকা বলে সিসিক সূত্র ওই সময় জানিয়ে ছিল।

অভিযান শেষে, তাৎক্ষণিকভাবে ভূমিতে একটি বিলবোর্ড স্থাপন করে ‘এই সম্পত্তি সিলেট সিটি করপোরেশনের’ লেখা স্টিকার লাগানো হয়। কথা ছিল, সেখানে সীমানা প্রাচীরসহ উদ্ধার হওয়া ভূমি সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার। কিন্তু অভিযানের দিন স্টিকারযুক্ত বিলবোর্ড লাগানো ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে উদ্ধারের তিন মাসের মাথায়ই সেটি ফের দখল হয়ে যায়। ওই বছরের অক্টোবর থেকে সেখানে আবার দোকান বসান নগরীর সাপ্লাই এলাকার আলী আহমদ ইদন মিয়া ও মজুমদারির কালাচান মিয়া। তাদের দোকানই উচ্ছেদ করা হয়েছিল। নতুন করে দখলে সহযোগিতা করেছেন সিটি করপোরেশনের কাউন্সিলরই। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য।

যোগাযোগ করা হলে, ইদন মিয়া এই ভূমিকে তার ‘নিজস্ব ভূমি’ দাবি করে বলেন, এ ব্যাপারে আদালতে মামলাও চলছে। উদ্ধার অভিযানের পর এখন সেখানে আবার কীভাবে দোকান বসিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ওয়ার্ড (১৭ নং) কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিবের সহায়তায় এখানে দোকান বসিয়েছেন। এখন তিনি (ইদন মিয়া) ও কালাচান মিয়া মিলে দোকান দিয়েছেন। ব্যবসা পরিচালনা করছেন আব্দুর রহমান নামের এক ফল ব্যবসায়ী।

স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় দোকান বসানোর কথা স্বীকার করে কালাচান মিয়া বলেন, আমরা এখানে সাময়িকভাবে দোকান বসিয়েছি। জায়গাটি সিটি করপোরেশনের না ব্যক্তি মালিকানাধীন, জানতে চাইলে তিনি বলেন, সিটি করপোরেশনের জায়গা বলেই তো আমাদেরকে উচ্ছেদ করা হয়েছিল। এখন ‘মানবিক কারণে’ সাময়িকভাবে ব্যবসা করার জন্যে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এর বাইরে তিনি কিছু জানেন না বলে জানান।

১৯ জুন ভূমি উদ্ধারের পর কালাচান মিয়া এই প্রতিবেদককে তথ্য দিয়েছিলেন, ১৯৯১ সাল থেকে তিনি ওই ভূমিতে ব্যবসা করে আসছেন। ভূমিটি ব্যবহারের জন্যে তিনি প্রতিদিন ১০০ টাকা করে ভাড়াও দিতেন। প্রথমে এই ভাড়া নিতেন আম্বরখানা এলাকার ইফতেখার মিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অভিযান চালিয়ে জায়গাটি উদ্ধার করে। এরপর ২০০৯-এ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তার কাছে জায়াগাটির দখল দাবি করে ফের ভাড়া দেন নগরীর সাপ্লাই এলাকার ইদন মিয়া।

সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব জায়গাটিকে সিটি করপোরেশনের সম্পত্বি দাবি করে বলেন, তাদের (ইদন মিয়া ও কালাচান মিয়া) আবেদনের প্রেক্ষিতে এই জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছি আমি। বলেছি, যখনই সিটি করপোরেশনের প্রয়োজন হবে তখন উঠে যেতে হবে।

এই বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এর প্রয়োজন মনে করিনি। গরিব মানুষ, দু’পয়সা রোজগার করতে চেয়েছে। তাই খালি পড়ে আছে বলে ‘সোয়াবের নিয়তে’ ভূমি ব্যবহার করতে দিয়েছি।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা এনামুল হাবীব বলেন, দখলদারদের উচ্ছেদ করতে ‘সময় পাচ্ছেন না’। তবে তিনি জোর দিয়েই জানালেন, ঈদের পরপরই উচ্ছেদ অভিযান হবে। কাউন্সিলরের সহযোগিতার বিষয়ে তাঁর মন্তব্য, কিছু কাউন্সিলরকে নিয়ে আর পারা গেল না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026