বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫

রাজন হত্যা তদন্ত রিপোর্টে শরীরে আঘাতের চিহ্ন ৬৪টি: আসামি মুহিত ৫ দিনের রিমান্ডে

রাজন হত্যা তদন্ত রিপোর্টে শরীরে আঘাতের চিহ্ন ৬৪টি: আসামি মুহিত ৫ দিনের রিমান্ডে

শীর্ষবিন্দু নিউজ: অমানবিক নির্যাতনে নিহত শেখ সামিউল আলম রাজনের ময়না তদন্ত রিপোর্টে শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নির্যাতন ও মস্তিস্কের রক্তক্ষরণজনিত ঘটনায় মৃত্যু হয়েছে বলে ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ডা. ফারহানা ইসলামের দেওয়া এ ময়না তদন্ত রিপোর্ট সম্পর্কে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার কর্মকর্তা আখতার হোসেন।

এদিকে, সোমবার সকালে শুনানী শেষে রাজন হত্যার ঘটনায় আটক মুহিত আলমকে ৫দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন রিমান্ডের এই আদেশ দেন। এদিকে সামিউল আলম রাজন হত্যাকারীদের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে গণআন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী।

রোববার (১২ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ২২ গ্রামবাসীর টানা দুই ঘন্টার বৈঠক শেষে এই আলটিমেটাম দেয়া হয়। সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে নিহত রাজনের বাড়ির উঠোনে এই বৈঠকে বসেন ২২ গ্রামের বাসিন্দারা।

বৈঠকে বাদেআলী, অনন্তপুর, পাইকারগাঁও, ইনাতাবাদ, খানুয়া, হাজরাই, হকলামপুর, তাজপুর, দিঘীরপার, বসন্তরাগাঁও, গোস্তরগাঁও, পূর্বদর্শাগাঁও, পশ্চিমদশা গাঁও, মেদিনিমহল, সুজাতপুর, বাছিরপুর, মীরগাঁও, মইয়ারচর, কুমারগাঁও, নোয়াখুরখলা, সোনাতলা ও বাওনপুর গ্রামের মুরব্বি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

পশ্চিমদশা গাঁও গ্রামের মুরব্বি আশফাক আহমদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাদেআলী গ্রামের লিয়াকত আলী মাসুক, সমসের আলী, আকরম আলী মাসুক, ফারুক মিয়া, মো. আলী দুদু মিয়া, আবদুল মালিক, অনন্তপুর গ্রামের মুরব্বি আবদুজ জাহির, জসিম মিয়া, আবদুল মছব্বির, পূর্বদশা গাঁওয়ের আবদুল মনাফ, বাছিরপুর গ্রামের আবদুল মতিন, মীরগাঁওয়ের তেরা মিয়া, বসন্তরগাঁওয়ের শামসুল হক, মেদিনিমহল গ্রামের আবদুল হাসিম, দিঘীরপার গ্রামের শাবাজ আলী, পাইকারগাঁও গ্রামের আবদুল কাদির, সাজিদ মিয়া, ইনাতাবাদ গ্রামের আলতা মিয়া ও তাজপুর গ্রামের সায়েদ আহমদ প্রমুখ।

বৈঠকে আগামী ১২ ঘন্টার মধ্যে সামিউল হত্যাকান্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলা হবে বলে তারা সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে দেন। এদিকে, ২২ গ্রামবাসীর বৈঠকের খবর পেয়ে নগরীর জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বাদেআলী গ্রামে যান। তিনি রাজন হত্যাকারীদের গ্রেফতারে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পুলিশের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) সকালে সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে ভ্যান গাড়ি চুরির মিথ্যা অপবাদে খুঁটির সাথে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ কুমারগাঁও গ্রামের ভেতর গুম করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় মুহিত আলম (৩২)। এ ঘটনায় ৪ জনকে আসামী করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন রাজনের বাবা। মুহিত ছাড়াও মামলার আসামীরা হলেন- মুহিতের ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫)। এদিকে ১৩ বছরের শিশু রাজনকে পৈচাশিকভাবে নির্যাতন করে হত্যার ঘটনায় চোখের জলে, ক্ষোভের আগুনে ফুঁসছেন এলাকাবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা। তারা শিশু সামিউল ইসলাম রাজনকে নির্মম ও পৈশাচিক স্টাইলে নির্যাতন করে হত্যার বিষয়টি মানতে পারছেন না কেউ।

হলিউড-বলিউডের লোমহর্ষক টর্চার দেখে দেখে ‘নিপীড়ন দৃশ্যে’ অভ্যস্ত হয়ে পড়া মানুষেরও এই নির্মমতা সহ্য হচ্ছে না। বুক ফেটে কান্না আসছে সবার। জঘন্য, বর্বর এই খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইছেন সকলেই। দাবি উঠেছে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির। এই হত্যামামলাকে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে বিচার করারও দাবি উঠেছে। ঘটনার পাঁচ দিনেও পুলিশ কাউকে ধরতে পারেনি। উপরন্তু আটক প্রধান আসামী মুহিতের ভাই কামরুল সৌদিতে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। অন্যরা দিয়েছে গা ঢাকা।

একই সাথে বিভিন্ন সূত্র মতে, চুরি নয়, মার্কেটের দারোয়ানের লালসার শিকার না হওয়ার মূল্যই জীবন দিয়ে দিতে হয়েছে রাজনকে। ভোরে রাস্তায় একা পেয়ে দারোয়ান শিশুটিকে ‘ভোগ’ করতে চেয়েছিল। ওইদিন সকালে রাজন বের হয়েছিল তার পরিবারের অন্ন যোগাতে। নিজেদের জমির সবজি নিয়ে বাজারে রওয়ানা হয়েছিল। ঘরের চাল ফুরিয়েছিল বলে, সবজি বিক্রি করে রাজনকে চাল আনতে বাজারে পাঠিয়েছিলেন তার মা। কিন্তু তাকেই চুরির অপবাদে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

যেভাবে পালিয়েছে কামরুল : মামলার অন্যতম আসামি সৌদি প্রবাসী কামরুলের দেশ ত্যাগে রোববার (১২ জুলাই) নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এর আগেই সে দেশ থেকে পালিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, ঘটনার দিন দুপুরে ভাই মুহিত আটকের পরই কামরুল বাড়ি ছাড়ে। সিলেট থেকে সে প্রথমে ঢাকা পৌঁছে। সেখান থেকে ওইদিন রাত বা তার পরদিনই সৌদিতে পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ৮ জুলাই বুধবার দুপুরে শিশু শেখ সামিউল আলম রাজন (১৩) কে নির্যাতনের পর খুন করা হয়। এরপর মাইক্রোবাসযোগে তার লাশ ফেলে পালানোর সময় জনতা গাড়ীসহ এক জনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। সোমবার মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মুহিত আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026