জয়নাল আবেদীন জয়: নগরীর কংক্রিটের চার দেয়ালে থেকে হয়তো আপনার হাঁস-ফাঁস অবস্থা। আর কেনাকাটায় ব্যস্ত সময় কাটিয়েছেন। ঈদের পর আপনার মনটা ফুরফুরে করতে চাইলে ঘুরে আসতে পারেন রূপনগরের রূপগঞ্জে।
রাজধানীর খুব কাছেই মসলিন শিল্পের স্মৃতি জাগানিয়া রূপগঞ্জে অন্তত একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন। এখন সেই মসলিন নেই আছে জামদানি, আছে রূপগঞ্জের রূপ। আর এ রূপ আপনাকে সত্যিই মুগ্ধ করবে। পিকনিক স্পট, মিনি চিড়িয়াখানা, শিল্পকর্ম, স্থাপত্য কি নেই এখানে। আছে সুসজ্জিত বাহারি ইঞ্জিনচালিত নৌযানে শীতলক্ষ্যা নদী ভ্রমণের সুযোগ, স্বপ্নের উপশহর এলাকার প্রাকৃতিক দৃশ্য, ৪টি আন্তর্জাতিকমানের পার্ক।
এখানে এলে জমিদার বাড়ির নয়ন জুড়ানো কারুকাজ খচিত নিখুঁত শিল্পকর্ম দেখে সৌন্দর্য পিপাসু যে কেউ মুগ্ধ হবেন। যারা ঈদে গ্রামে যেতে পারেননি অথবা রাজধানীর বাসিন্দা তারা একদিনের জন্য এই ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন এই রূপের নগর থেকে। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে মাত্র আধঘণ্টার পথ রূপগঞ্জ।
রাসেল পার্ক: উপজেলা সদরের মুড়াপাড়া মাহমুদাবাদে এলে পৌছে যাবেন মনোমুগ্ধকর রাসেল পার্কে। সবুজ স্নিগ্ধ গ্রামীণ নিসর্গের পটভূমিতে প্রয়াত লায়ন রাসেল ভূঁইয়া গড়ে তুলেছেন মনোরম এ বিনোদন কেন্দ্রের। রাসেল পার্কে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। হরিণ, ভালুক, হনুমান, ময়ূর, বানর, সাপ, বেজি থেকে শুরু করে অসংখ্য পশুপাখি রয়েছে এখানে। এছাড়াও পার্কজুড়ে শোভা পাচ্ছে কংক্রিটের তৈরি বাঘ, ঘোড়া, হাতি আছে সবুজ ঘাসে মুখ গুঁজে থাকা চিত্রা হরিণের দল।
পার্কের এক পাশে রয়েছে গজারি বন। সারিবদ্ধ সবুজের এ সমারোহ পার্কে পিকনিকে আসা দূরদূরান্তের দর্শনার্থীদের একটি পছন্দের স্থান। এছাড়া রয়েছে ঘাটবাধা পুষ্পপুকুর। এছাড়া জীবন্ত হাঁসের ছোটাছুটি চোখে পড়বেই। পুকুরের দু’ধারে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে ঝুলন্ত ২টি শেড। এখানে বসে পুকুর আরা পুরো পার্কের নিসর্গ শোভা উপভোগের চমৎকার ব্যবস্থা করা হয়েছে। পাশেই আছে শুটিং স্পট। আছে প্রসাধনের ব্যবস্থা সম্বলিত ড্রেসিং রুম। ঘুরে ঘুরে ক্লান্ত হলে বিশ্রামের জন্য রয়েছে সুসজ্জিত কটেজ। আহারের জন্য রয়েছে পার্কের নিজস্ব রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান। আছে পিকনিক পার্টির জন্য বিশাল ডাইনিং হল।
এখানে রাতযাপনেরও ব্যবস্থা রয়েছে। যারা রাতযাপন করতে চান তারা পার্কের রেস্ট হাউজে থাকতে পারেন। দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিসেবে পার্কে রয়েছে কৃত্রিম লেকে নৌবিহারের ব্যবস্থা। স্লিপার লাগানো সুসজ্জিত নৌকা রয়েছে বেশ কয়েকটি। আর আছে বিশাল গোলাপ বাগান। পুরো পার্কটি সাজানো হয়েছে হাজারো দেশ-বিদেশী ফুল দিয়ে।
পন্ড গার্ডেন: শীতলক্ষ্যা নদীর পূর্বতীরবর্তী রূপগঞ্জের চমৎকারে প্রাকৃতিক পরিবেশে শীতলক্ষা নদীর কাঞ্চন সেতুর ধার ঘেঁষে গড়ে উঠেছে একটি চমৎকার পর্যটন কেন্দ্র পন্ড গার্ডেন। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এ পার্কটি ইতিমধ্যেই ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে। ভিতরে প্রবেশের পথে পড়বে কৃত্রিম বিশাল ডাইনোসর। পুকুরের মাঝখানে ফোয়ারা আর ভাসমান সেতু দর্শনার্থীদের নিঃসন্দেহে মুগ্ধ করবে। পুকুর থেকে তাজা মাছ ধরে পরিবেশনের ব্যবস্থাও আছে এখানে।
এখানে আছে ১৬ সিটের সুপার চেয়ার, শিশুদের জন্য রয়েছে মিনি ট্রেন, মিকি পাউন্স, ডরিমুন, হেলিকপটার, ১৬ সিটের পেরাটুপার, ৪৮ জন বসার উপযোগী ওয়ান্ডার হুইল, আনন্দ ঘূর্ণন, ব্যাটারি গাড়ি, স্লিপার, দোলনা, ঢেঁকি, পোলার কাপ, মেরি গ্রাউন্ড, বড়দের জন্য ট্রেন ইত্যাদি। পার্কে পুকুরের মাঝখানে রয়েছে আকষর্ণীয় কৃত্রিম ফোয়ারা, সেগুনবাগিচায় কৃত্রিম বৃষ্টি। আছে হরেক রকমের জীবিত মাছ নিয়ে সাজানো ফিশ মিউজিয়াম। ১০০ থেকে ৫০০ জন পর্যন্ত পিকনিক করতে পারেন এখানে। খাবার জন্য রয়েছে দ্বিতল ডাইনিং হল। আছে বাবুর্চি, ডেক-হাড়িপাতিলের ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে নেই ভাবনা।
পিকনিকে আসা লোকদের জন্য রয়েছে খেলাধুলার বিশেষ ব্যবস্থা। এখানে যে খেলাগুলোতে অংশগ্রহণ করে নিজেরা আনন্দ উপভোগের পাশাপাশি সঙ্গীদের মনোরঞ্জন করতে পারেন তা হলো মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল পিলো রানিং (বালিশ ছোড়া), রশি টানাটানি, বাস্কেট, ভলি, ব্যাডমিন্টন, হাড়ি-ভাঙ্গা ইত্যাদি। পার্কটিতে পর্যাপ্ত পরিমানে পানিয়জল, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। আছে ফাস্টফুডের দোকান। আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পার্কে মূল্য ১০০ টাকা। প্রবেশ টিকিট কিনলেই আপনি সব রাইট ফ্রি উপভোগ করতে পারবেন। ভিতরে কোন বাড়তি খরচ করতে হবে না দর্শনার্থীদের।
জিন্দা পার্ক: রূপগঞ্জের উপশহর এলাকায় দেড়শ’ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে বিশাল পার্ক। নাম জিন্দা পার্ক। টিলা আর লেক বেষ্টিত এ পার্কের ভেতরে আছে দ্বিপুকুর। লেকে নৌকায় চড়ে ভ্রমণের সুযোগ। পার্কের ভেতরেই রয়েছে মার্কেট সেখানে সব ধরনের কেনাকাটা করতে পারে দর্শনার্থীরা। আছে লাইব্রেরি, কেন্টিন, প্রাণী জগত। পার্কের ৫০ ভাগ জুড়ে আছে লেক। লেকের পাড়ে ফুলের বাগানে নিরিবিলি চুটিয়ে আড্ডা দেবার মতো জায়গা রয়েছে।
এখানকার লাভ লেক প্রেমিক-প্রেমিকাদের জন্য আকর্ষণীয় স্থান। পুরো পার্কে পুকুর লেক ছাড়া রয়েছে ঘন সবুজ অরণ্যেঘেরা ছোট বড় টিলা। পার্কে আছে বাংলো, রেস্টুরেন্ট, স্লিপার, দোলনা। আছে সবুজ ঘাসে ঢাকা শিশুদের খেলার মাঠ। লেকময় ঘুরে বেড়ানোর জন্য ১০টি নৌকা রয়েছে। আছে চিকিৎসার জন্য ফ্রি ক্লিনিক। নিরাপত্তার ও সেবার জন্য রয়েছে একঝাঁক তরুন তরুনী। যারা সর্বক্ষণ দর্শনার্থীদের সেবায় নিয়োজিত। শুটিং ও পিকনিকের এক অনন্য স্থান জিন্দা পার্ক
ফানল্যান্ড পার্ক: রূপগঞ্জের পেরাব এলাকায় আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে ফানল্যান্ড পার্ক। পার্কের ভেতরে আছে পদ্মপুকুর, লেক। লেকের চারধার ঘিরে সুন্দর ছোট ছোট পর্যটনের রেস্টবেঞ্চ। পার্কের ভেতরেই রয়েছে দর্শনার্থীদের জন্য দ্বিতল কটেজ। আধুনিক রাইড, বাঘ, সিংহসহ বিভিন্ন প্রাণীর মূর্তি। নিরিবিলি চুটিয়ে আড্ডা দেয়ার আকর্ষণীয় স্থান। পার্কে আছে রেস্টুরেন্ট, স্লিপার, দোলনা। আছে সবুজ ঘাসে ঢাকা শিশুদের খেলার মাঠ। শুটিং ও পিকনিকের এক অনন্য স্থান ফানল্যান্ড পার্ক এছাড়া উপজেলা মুড়াপাড়ায় পা রাখতেই আপনার মনে হবে আপনি কোন প্রাচীন জনপদে আপনি পদার্পণ করেছেন।
পথের দু’ধারে শত বছরের পুরানো সারি সারি পাম গাছ, সুপারি বাগান আর বিশাল আম্রকানন। অনতি দূরে কারুকাজ খচিত প্রকাণ্ড জমিদার বাড়ি দেখে যে কোন পথিক কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াবেন। ডালপালা ছড়ানো বনশাই আকৃতির অসংখ্য সারিবদ্ধ আমগাছ। শানবাঁধানো গাছের নিচে বসে আছে বহু দর্শনার্থী ও সৌন্দর্যপিপাসু মানুষ। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। আম্রকানন ঘেঁষেই শানবাঁধানো বিরাট পুকুর। পুকুরের টলমকলে পানিতে জমিদার বাড়ির প্রতিচ্ছবি। ৫২ বিঘা জমির উপর বিশাল বাড়ি। বাড়ির ভেতর ঢুকলেই মনে হবে এটি কোন সাধারণ বাড়ি নয়, যেন স্বপ্নপুরী। যেতে পারে ইউসুফগঞ্জ পূর্বাচল উপশহর এলাকায়।
বিশাল এলাকাজুড়ে ছোট ছোট টিলা, সমতল ভূমি, কাঁঠাল বাগান। সব মিলিয়ে কি বিচিত্র এখানকার রূপ। প্রাকৃতিক এ সৌন্দর্যে নিঃসন্দেহে আপনি অভিভূত হবেন। মনে হবে অসংখ্য বোটানিক্যাল গার্ডেনের জন্ম যেন এ এলাকায়। সব মিলিয়ে এক দিনের জন্য সময় করে বেরিয়ে পরতে পারেন রূপগঞ্জের উদ্দেশে। রূপগঞ্জের রূপ আপনাকে সত্যিই মুগ্ধ করবে।