সাজেদুল হক: পল্টনের ছায়াশীতল বাড়িটিই সাক্ষ্য দেয় তাঁর রুচি বোধের। বিশালাকার অট্টালিকা নয়, ছিমছাম একটি বাড়ি। বৃক্ষের ছায়া আর রোদের খেলা করা। এখানেই বাস করেন বাংলাদেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। আইন পেশায় অর্ধশতাব্দীর বেশি সময় কাটানোর পর তিনি এখন বাংলাদেশের অন্যতম বিখ্যাত মানুষও।
তবে সবকিছু ছাপিয়ে ব্যারিস্টার রফিক-উল হকের পরিচয় একজন মানবতাবাদী আইনজীবী হিসেবে। যিনি তাঁর জীবনের আয়ের সিংহভাগ ব্যয় করেছেন মানুষের কল্যাণে। গাজীপুরের গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকা বহু হাসপাতাল পরিচালনায় নিজেকে যুক্ত রেখেছেন তিনি।
ব্যারিস্টার রফিক-উল হক কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে। তত্ত্বাবধায়ক সরকার জমানায় দুই নেত্রীর দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ান তিনি। অকুতোভয়ে তাঁদের জন্য আইনি লড়াই পরিচালনা করেন। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রায় সব প্রভাবশালী নেতার আইনজীবীও ছিলেন তিনি। তবে তাঁদের নানা কর্মকা-ের সমালোচনা করতেও পিছপা হননি ব্যারিস্টার রফিক-উল হক।
স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নে নানা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। কিন্তু এরজন্য কখনও কোন পারিশ্রমিক নেননি। এ নিয়ে মজার একটি গল্পও রয়েছে। বঙ্গবন্ধুর আমলে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণ সংক্রান্ত আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে জিয়াউর রহমানের আমলে এসব প্রতিষ্ঠান বেসরকারিকরণ সংক্রান্ত আইন প্রণয়নে রাখেন মূল ভূমিকা। তাঁকে ডেকে একবার জিয়াউর রহমান জিজ্ঞেস করেছিলেন, আগে আপনাকে সরকারিকরণের জন্য আইন করতে বলা হলো, আপনি করে দিলেন।
এখন আবার আপনাকে বেসরকারিকরণের জন্য আইন করতে বলা হলো আপনি করে দিলেন। আপনার নিজস্ব কি কোন মতামত নেই। জবাবে হাস্যোজ্জ্বল ব্যারিস্টার রফিক-উল হক বলেছিলেন, আমার কাজ হচ্ছে দর্জির মতো। আপনি যেভাবে জামা তৈরির অর্ডার করবেন আমি সেভাবেই তৈরি করে দেবো। এরশাদ সরকারের আমলে অল্পসময়ের জন্য অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। তবে এর জন্য কোন সম্মানী নেননি।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। বাবা মুমিন-উল হক পেশায় ছিলেন চিকিৎসক। আর মা নূরজাহান বেগম। তবে তাঁর বাল্যকাল কেটেছে কলকাতার চেতলায়। পরিবারের সবাই চেতলাতেই থাকতেন। পড়াশোনা করেছেন চেতলা স্কুলে। রফিক-উল হক এখনও যখন বাড়িতে যান, চেতলা স্কুলে একবার যানই। ওই স্কুলে এখন বড় বড় ভবন হয়েছে। পড়াশোনা করেছেন কলকাতার ইসলামিয়া কলেছে।
বঙ্গবন্ধুও পড়তেন এই কলেজে। ছাত্রজীবনে জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। তখন ইন্দিরা গান্ধী ছিলেন সেন্ট্রাল যুব কংগ্রেসের সভাপতি। ইন্দিরা গান্ধীর সঙ্গে বহুবার বৈঠক করেছেন তিনি। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাঁর বাবা মুমিন-উল হক। তিনি চব্বিশ পরগনায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। চব্বিশ পরগনা মানে কলকাতার পুরোটাই।
রফিক-উল হক ম্যাট্রিকুলেশন পাস করেন ১৯৫১ সালে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। এরপর আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি পাস করে তৎকালীন পাকিস্তানের নাগরিক হয়ে চলে আসেন ঢাকায়।
১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে যোগ দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি আইন নিয়ে পড়াশোনা করেছেন। ওই বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদকও পেয়েছিলেন। এরপর বার-অ্যাট-ল’ করতে গিয়েও তিনি বৃটেনে সাড়া জাগিয়ে ফেলেন। খুব ভালো ফল করে তাক লাগিয়ে দেন সবাইকে। হিন্দু আইন নিয়ে বার-অ্যাট-ল’ করেছেন। সেখানেও প্রথম স্থান অধিকার করেন।
ব্যারিস্টার রফিক-উল হকের চিকিৎসক স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২০১১ সালে। পারিবারিক জীবনে তাঁদের একমাত্র ছেলে ব্যারিস্টার ফাহিমুল হক। তিনিও বাবার সঙ্গে আইন পেশায় জড়িত। রফিক-উল হক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। স্টমাক ক্যান্সার হয়েছিল। ১৯৮৬ সালে অপারেশন হয়। এখন সুস্থ আছেন। স্টমাকটি অপসারণ করা হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। একই সঙ্গে তাঁর বাঁ পাঁজরের তিনটি হাড়ও অপসারণ করতে হয়েছে। তারপরও তাঁর মধ্যে উচ্ছলতার কমতি নেই। অবসরে বই পড়েন আর ক্রিকেট খেলা দেখার প্রতি রয়েছে বেশ দুর্বলতা। বেশির ভাগ খেলাই তিনি টেলিভিশনে দেখেন।
জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন সমাজসেবায়। যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার সেবায়। একটি টাকাও রাখেননি নিজের ব্যাংক হিসাবে। জীবনের বড় ইচ্ছাই মানুষের সেবা করা; সেই লক্ষ্য থেকেই প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, এতিমখানা, মসজিদ ও মেডিক্যাল কলেজ। গাজীপুরের কালিয়াকৈরে একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন সুবর্ণ ক্লিনিক; ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন।
বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ ও নূরজাহান ওয়ার্ড, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রফিক-উল হক। আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ২৫টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সরাসরি জড়িত। বেশির ভাগ প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ নানা সহযোগিতা দিয়ে থাকেন।
ঢাকায় তাঁর নিজের সম্পদ বলতে একটি বাড়ি আর দু-তিন কাঠার একটি প্লট। নিজের উত্তরাধিকারদের জন্য কোন সম্পদ রেখে যেতে চান না ব্যারিস্টার রফিক-উল হক। সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি।