বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬

আলোচিত রাজন হত্যাকান্ড: প্রত্যাহারের পর এবার বরখাস্ত হলেন ওসি

আলোচিত রাজন হত্যাকান্ড: প্রত্যাহারের পর এবার বরখাস্ত হলেন ওসি

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের শুরুতে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের সত্যতা পাওয়ায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার প্রত্যাহার করা ওসি-তদন্ত (পরিদর্শক) আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় তাঁকে বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রথম আলোকে জানান, বরখাস্তের পর আলমগীর হোসেনকে রংপুর পুলিশ রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই ঘটনার জেরে জালালাবাদ থানার উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও এসআই মো. জাকির হোসেনকে গত শুক্রবার বরখাস্ত করা হয়েছিল।

গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা কিশোর রাজনকে চোর সন্দেহে আটক করে কুমারগাঁও বাসস্টেশনে দোকানঘরের খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। একপর্যায়ে সামিউল মারা গেলে লাশ গুম করার চেষ্টা হয়। এ সময় জনতা মুহিত আলম নামের একজনকে ধরে মহানগর পুলিশের জালালাবাদ থানায় সোপর্দ করে।

নির্যাতনকারীরাই এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করে। এ ঘটনার চার দিন পর রাজনকে নির্যাতন করার ২৮ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও চিত্র প্রকাশ হলে এ নিয়ে দেশে-বিদেশে তোলপাড় শুরু হয়। একে একে ধরা পড়ে ঘটনার সঙ্গে জড়িত ১২ জন। অভিযোগ ওঠে, ঘটনার শুরুতে পুলিশের গাফিলতি থাকায় জড়িতরা পলাতক ছিল।

রাজন হত্যার পরপরই তার বাবা শেখ মো. আজিজুর রহমানের অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠে। গত ১৪ জুলাই জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়।

কমিটির প্রধান ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএ রোকনউদ্দিন ৪২৪ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন গত বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনারের কাছে জমা দেন। এই প্রতিবেদনে পুলিশের গাফিলতির বিষয়টি নির্দিষ্ট করে উল্লেখ করা হয়। সেই তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই আলমগীর হোসেনকে বরখাস্ত করা হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026