বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭

সিলেটে উঠিয়ে দেওয়া হচ্ছে যানজট নিয়ন্ত্রণের জন্য করা রিকশার আলাদা লেন

সিলেটে উঠিয়ে দেওয়া হচ্ছে যানজট নিয়ন্ত্রণের জন্য করা রিকশার আলাদা লেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রাণকেন্দ্রে স্থাপন হয়েছিল রিকশার লেন। উদ্যোগ নিয়েছিলেন কারান্তরীন মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী।

এটি কার্যকরের সময় যানজট অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। এমনটা নগরীর অনেকেই মানছিলেন। আরিফ কারান্তরীন হবার বছর না পেরোতেই তাঁর উদ্যোগকে এখন যানজট বৃদ্ধি ও ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির কারণ হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন।

তাই ওঠানো হচ্ছে রিকশার জন্যে স্থাপিত পৃথক লেন। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, সুরমা পয়েন্ট (ক্বিনব্রিজ মোড়) থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত প্রায় ২৫০ মিটার দূরত্বের এ সড়কে ২০১৪ সালের ৩ মার্চ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে তিনটি লেন তৈরি করা হয়েছিল। যানজট নিরসনে রিকশার আসা-যাওয়ার জন্য দুটি এবং ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের জন্য একটি। দুই সপ্তাহ পর স্টিলের শেকলের বেষ্টনী দিয়ে লেনকে স্থায়ী রূপ দেওয়া হয়। রিকশাগুলোকে লেনে চলাচলে অভ্যস্ত করতে সিটি করপোরেশন নিজস্ব ট্রাফিকও নিয়োগ দেয়।

অবশ্য সিটি করপোরেশনের এই ট্রাফিক বেশিদিন কার্যকর ছিল না। এর ফলে লেন অকার্যকর হয়ে পড়ে। মূল রাস্তা দিয়েই চলাচল করতে থাকে রিকশাসহ সব যানবাহন। তখন ফুটপাত ছেড়ে লেন দখলে নেয় হকাররা। শনিবার থেকে সেই লেন ওঠানোর কাজ শুরু করেছে সিটি করপোরেশনই। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, কাজটি আরিফ করেছিলেন। এ কারণেই সেটি উঠিয়ে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, এই কাজটি (লেন বসানো) বেশি টাকার না। তিনি বলেন, চাইলে আমার সময়েও সেটি করতে পারতাম। আরিফুল হক চৌধুরী সবার সাথে আলোচনা না করে তড়িগড়ি কাজটি করেছেন। পরিকল্পনা করে করেননি। তিনি বলেন, সিলেটের সড়কগুলো প্রসস্ত না। এখানে আলাদা লেন তৈরি করার ফলে যানজট আরও বেড়েছে। তাঁর যুক্তি, লেনে রিকশা ঢোকার পর তাদের গতি কমে আসে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সম্প্রতি আইন-শৃঙ্খলা বিষয়ক বিভাগীয় ও জেলা কমিটির বৈঠকে এই লেন ওঠানো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকেই সিটি করপোরেশন লেন ওঠানোর কাজ শুরু করেছে। তিনি বলেন, এটা উঠিয়ে দিতে প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে বারবার তাদের বলা হচ্ছিল। লেন ওঠানোর পর যানজট নিয়ন্ত্রণে হকার উচ্ছেদ কর হবে, এমনটা পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে বলেও তিনি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026