বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২

সিলেট জেলা আ.লীগ সভাপতির মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামীলীগের শোক

সিলেট জেলা আ.লীগ সভাপতির মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামীলীগের শোক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান আর নেই। মঙ্গলবার বিকাল ৪টায় সাগরদীঘিরপাড়স্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নিঃসন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তার বাসায় ভিড় করেন। এসময় অনেকেই প্রিয় নেতার নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়েন। তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীতে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল। আবদুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। চলতি বছরের শুরুর দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে সরে যান।

সুফিয়ান আহমদ চৌধুরী মুক্তিযুদ্ধকালীন সময়ে একজন সংগঠক হিসেবে কাজ করেন। বুধবার বাদ আসর মরহুমের লাশ হযরত শাহজালাল (রহ.) দরগাহে জানাজার পর তাকে দরগাস্থ গোরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি জানান, তার জানাজায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া, আজ দুপুরে তার মরদেহ নিয়ে আসা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

এদিকে তার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আবদুজ জহির সুফিয়ান ছিলেন সিলেটের অন্যতম একজন রাজনীতিবিদ। সিলেটের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026