শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জের জনজীবন। বার বার বিদ্যুতের যাওয়া-আসা এবং একবার গেলে এক নাগারে কয়েক ঘন্টার ভিতরে বিদ্যুৎ না আসায় প্রচন্ড গরমের পাশাপাশি অসহনীয় যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠেছেন ব্যবসায়ীসহ সুনামগঞ্জবাসী। সার উৎপাদনের জন্য বিদ্যুৎ বিভাগের গ্যাস সরবরাহ করায় এ সমস্যা দেখা দিয়েছে বলে জানালেও কবে নাগাদ এই যাতনার অবসান হবে নিশ্চিত করে তা বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের কর্তা ব্যক্তিরা।
সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে সুনামগঞ্জে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে মারাত্মকভাবে। মোট ৯ মেগাওয়াট চাহিদার স্থলে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ৪ মেগাওয়াট। ফলে জেলার ৫টি ফিডারের সবকটিতেই লেগে আছে লোডশেডিং। এতে করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে কম্পিউটার, পত্রিকা প্রকাশনা ও প্রিন্টিং ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক।
এ ব্যাপারে রেনেঁসা কম্পিউটারের মালিক সিরাজুল হক ওলী জানান, ‘দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। হঠাৎ করে আসলেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বিদ্যুৎ না থাকায় কাজ করা যাচ্ছে না। ফলে গ্রাহকদের কাজের ডেলিভারী দেয়া যাচ্ছে না।’
আলীপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক মাসুক জানান, প্রতিদিন কয়েকঘন্টা করে বিদ্যুৎ আসা যাওয়া করে। বিদ্যুতের কারণে কোনো কাজই সময়মতো করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকা এবং প্রচন্ড গরম থাকায় বাসাবাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। আমরা এর থেকে পরিত্রান চাই। সন্ধ্যার সাথে সাথেই চলে যায় বিদ্যুৎ।
এ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশুনা করতে পারছে না শিক্ষার্থীরা। গৃহবধুরা নির্বিঘেœ করতে পারছেন না রান্না-বান্নার কাজ। আবার রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় শান্তিতে ঘুমুতে পারছেন না অনেকেই।
এব্যাপারে শহরের মুহাম্মদপুর এলাকার গৃহবধু হাসিনা হাসনাত জানান, ‘বিদ্যুৎ না থাকলে সারা রাত জেগে বাচ্চাদের বাতাস করতে হয়। ফলে একদিকে যেমন নিজের ঘুমের ব্যাঘাত ঘটে অন্যদিকে ঠান্ডা ও গরম লেগে বাচ্চাদের নানাবিধ অসুখ দেখা দিচ্ছে।
’বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের গ্যাস সার কারখানাগুলোতে সরবরাহ করা হচ্ছে। এজন্য বিদ্যুৎতের ঘাটতি হচ্ছে। জাতীয় স্বার্থে গ্রাহকদেরকে কিছু যাতনা সহ্য করতে হবে। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার থেকে ৯ মেগাওয়াটের মধ্যে মাত্র ৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে ঘনঘন লোডশেডিং করতে হচ্ছে। মাঝে মাঝে ছাতক ও ঢাকার ৩৩ কেভি লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন লোডশেডিংটা বেশি করে বেড়ে যায়। তিনি জানান, জাতীয়ভাবেও মাঝে মাঝে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।’তিনি জানান, আগামী বোরো মৌসুমে সারের চাহিদা নিশ্চিত করতে ফেঞ্চুগঞ্জসহ দেশের বিভিন্ন সার কারখানায় বিদ্যুৎ উৎপাদনের গ্যাস সরবরাহ করা হচ্ছে। এজন্য স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘœ হচ্ছে।’ তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে ব্যাপারে কিছু বলতে পারেন নি তিনিসহ একাধিক কর্মকর্তা।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান বলেন,আসলে সারা দেশে নয় শুধু সুনামগঞ্জেই বিদ্যুতের লোডশেডিং। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল লোডশেডিং এর প্রতিবাদে পৌর মিলনায়তনে সুধী সমাবেশ আহবান করে শহরে মাইকযোগে প্রচারনা চালিয়ে সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের কর্মসুচির প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার এ সংবাদে স্থানীয় বিদ্যুৎ বিভাগের টনক নড়ায় ভোগান্তি কিছুটা কমেছে।
জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,বিদ্যুৎ দূর্ভোগ লাগবে আমি প্রানপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।