বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫

মহসিন আলীর মৃত্যু শোক কাটতে না কাটতেই উপনির্বাচন নিয়ে নির্বাচনী ঝড়ো হাওয়া মৌলভীবাজারে

মহসিন আলীর মৃত্যু শোক কাটতে না কাটতেই উপনির্বাচন নিয়ে নির্বাচনী ঝড়ো হাওয়া মৌলভীবাজারে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সমাজকল্যান মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুশোক কাটতে না কাটতেই তার সংসদীয় আসনে বয়ে যেতে শুরু করেছে নির্বাচনী ঝড়ো হাওয়া। আসন্ন উপনির্বাচনে কে হচ্ছেন তার স্থলাভিষিক্ত সংসদ সদস্য এ নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনার কোন শেষ নেই।

মন্ত্রীর মৃত্যুশোককে চাপা দিতে যেন শুরু হয়েছে নির্বাচনী উৎসবের এ আমেজ। শহরে-বন্দরে হাটে-বাজারে, টি-স্টল থেকে নিয়ে অফিস আদালতের সর্বত্রই একই আলোচনা। কে হচ্ছেন মরহুম সৈয়দ মহসিন আলীর ‘রাজ সিংহাসনে’র উত্তরসুরী । তার রাজনৈতিক বলয়ের কেউ এ মসনদে আরোহন করছেননা, প্রতিদ্বন্দ্বি বলয়ের হাতে চলে যাচ্ছে মহসিন মসনদ । অনেক দিন ধরেই এ আসনে চলে আসছিল আওয়ামী পরিবারের দুই নেতার প্রভাব প্রতিপত্তির লড়াই।

লড়াইয়ে কখনো হার মানেননি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। মজবুত গনভিত্তি সাংগঠনিক দৃঢ়তা থাকায় তার বলয়ই আধিপত্য বিস্তার করে আসছিল এ আসনসহ সমগ্র মৌলভীবাজারে। এমনকি বিরোধী চারদলীয় জোটের প্রভাবশালী নেতা মরহুম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানও নির্বাচনী লড়াইয়ে ৩৩ হাজার ভোটের বিশাল ব্যবধানে হার মেনেছিলেন মহসিন আলীর কাছে। নিজ দলের প্রতিদ্বন্দ্বিরা অবাঞ্চিত ঘোষিত হয়েছিল তার নির্বাচনী এলাকায়। কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী আজ আর নেই।

মৌলভীবাজার আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দল নতুন কিছু নয়। প্রতিদ্বন্দ্বি সাবেক চীফ হুইপ শহীদ-আজিজ বলয় ক্ষমতায় থাকাকালে তাদের বলয়ের নেতাকর্মীরা সৈয়দ মহসিন ও তার নেতাকর্মীদের চরম ভর্থৎনা ও কোনঠাসা করে রেখেছিলেন। এমনকি বাড়ির সামনে আয়োজিত দলীয় প্রোগামেও মহসিনকে দাওয়াত করতেন না তারা।

শুধু দলীয় প্রোগামে নয়,এমনকি জানাযার মত ধর্মীয় ব্যাপরেও একে অপরকে সালাম ও কুশল পর্যন্ত বিনিময় করতেন না। সৈয়দ মহসিন মন্ত্রী হওয়ার পর তার বলয়ও এমনটা করেছিল। উপাধ্যক্ষ শহীদকে মৌলভীবাজারে অবাঞ্চিত ঘোষনা দিয়েছিল তারা। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর পরও সে কোন্দল থেমে থাকেনি। উপনির্বাচনকে সামনে রেখে এ কোন্দল আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

তাই মৌলভীবাজার সদর-৩ আসনে আওয়ামী প্রভাব-প্রতিপত্তিকে স্থায়ী রূপ দিতে মহসিন আলীর মত সুযোগ্য ও সাংগঠনিক ব্যক্তিত্বকেই তার স্থলাভিষিক্ত করা প্রয়োজন। আসন্ন উপনির্বাচনে বিএনপি-জামায়াত জোট প্রতিদ্বন্দ্বিতা করার কোন প্রশ্নই আসেনা। এ আসন একমাত্র শাসকদল আওয়ামী লীগেরই এবং আওয়ামী লীগ জোটের কেউ না কেউই এ আসনে সংসদ সদস্য হবেন এটা একেবারে নিশ্চিত । তবে দলের ভবিষ্যত গনভিত্তিকে টিকিয়ে রাখতে যোগ্য সাংগঠনিক ব্যক্তিত্বকে মনোনয়ন দেয়ার কোন বিকল্প নেই।

মরহুম সামাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ইন্তেকালে শূন্য হওয়া এ আসনে তার স্থলাভিষিক্ত সাংসদ পদে কাকে মনোনয়ন দেয়া হচ্ছে এবং কে পাচ্ছেন মরহুম মন্ত্রীর এ ময়ুর সিংহাসন। তা নিয়ে দৌড়-ঝাপের যেমন শেষ নেই, তেমনি আলোচনা-সমালোচনারও কোন ইয়ত্তা নেই।

এ আসনের উপনির্বাচন নিয়ে এ পর্যন্ত যারা আলোচনার বাজার সরগরম করে রেখেছেন, তারা হচ্ছেন মরহুম মন্ত্রী মহসিন আলী বলয় থেকে তাঁর সহধর্মীনি সৈয়দা সায়রা মহসিন ও মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, মন্ত্রী পরিবারের সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারী সাজ্জাদ হোসেন।

সৈয়দ মহসিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি শহীদ- আজিজ বলয়ের মধ্য থেকে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রদূত পিয়াস উদ্দিন মনি। উভয় বলয়ের যে কোন একজনকে মনোনয়ন দিলেই উপনির্বাচনের সাংবিধানিক দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে দলের সাংগঠনিক ভিতকে অক্ষত রাখতে এ আসনের মনোনয়ন ও প্রার্থী অতি সুক্ষ্মভাবে যাচাই বাছাই করা হচ্ছে বলে কেন্দ্রীয় আওয়ামী সুত্র জানিয়েছে।

সুত্রমতে, একমাত্র বঙ্গবন্ধু পরিবার ছাড়া আওয়ামী লীগে উত্তাধিকারী সুত্রে পদপদবী প্রাপ্তির সংস্কৃতি অতি বিরল। কোন প্রভাবশালী নেতার ইন্তেকালে তার স্বজনদের মধ্য থেকে স্থলাভিষিক্ত করার কোন ইতিহাস আওয়ামী লীগের নেই। যেমন অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া নিহত হওয়ার পর তার পরিবারের কোন উত্তরসূরীকে তার আসনে মনোনয়ন দেয়া হয়নি। অনেকে মনোনায়ন চেয়েও সফল হতে পারেননি। যেমন আন্তর্জাজিক অঙ্গনের মহা ব্যক্তিত্ব মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুর পর তার উত্তরসুরী নাসরিন রশীদকে কোন নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি।

বাংলাদেশের আওয়ামী রাজনীতিতে সর্বাধিক কুটকৌশলী নেতা মরহুম পররাষ্ট মন্ত্রী আব্দুস সামাদ আজাদের ইন্তেকালের পর তার উত্তরসূরী আজিজুস সামাদ ডন একাধিকবার মনোনয়ন চেয়েও পাননি। মরহুম সৈয়দ মহসিন আলী পরিবারের ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

অপরদিকে এলাকায় মহসিন আলীর সাংগঠনিক প্রভাব প্রতিপত্তিকে অক্ষুন্ন রাখতে গিয়ে তার বলয়ের কাউকেই মনোনয়ন দেয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

আর এ ক্ষেত্রে মহসিন বলয়ের সম্ভাব্য প্রার্থী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ’র মনোয়নয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশী বিদেশী বিভিন্ন সুত্র থেকেও এমনটা পরিলক্ষিত হচ্ছে। তবে সময়ই বলে দেবে কে হবেন মরহুম সৈযদ মহসিন আলীর স্থলাভিষিক্ত মৌলভীবাজর-৩ আসনের এমপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026