বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩

খালেদার সঙ্গে যোগাযোগে সাহস পাচ্ছে না নেতারা

খালেদার সঙ্গে যোগাযোগে সাহস পাচ্ছে না নেতারা

নিউজ ডেস্ক: বেঁধে দেয়া সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন করতে পারেনি বিএনপি। তাই তৃণমূল পর্যায়ের নেতাদের বাড়তি সময়ের দাবি। কিন্তু দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ছাড়া কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। টাইম ফ্রেম ছাড়াই পুনর্গঠন কার্যক্রম চললেও নেতাদের আশাবাদ দ্রুত তা শেষ হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার সব কমিটিই মেয়াদোত্তীর্ণ। গত ৯ আগস্ট দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব মো. শাজাহান সব জেলায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি করার জন্য চিঠি দেন।

এদিকে, চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার দুদিন আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে তার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশকালে পকেট কমিটির অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন খালেদা জিয়া।

ওই দিনের বৈঠকেই খালেদা জিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কমিটি গঠন-কার্যক্রমে তাগিদ দিয়ে কড়া হুঁশিয়ারি দেন, কমিটিবাণিজ্য এবং পকেট কমিটি যেন না হয়। এর দুদিন পর তিনি চিকিৎসার জন্য লন্ডন চলে যান।

এদিকে, গত ৩০ সেপ্টেম্বর পটুয়াখালীর দশমিনা উপজেলাসহ কয়েক জায়গায় বিএনপির দুগ্রুপের সম্মেলন ডাকার কারণে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে ২৯ জন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে এ নিয়ে ২৫টি সাংগঠনিক টিম গঠন করা হলেও তাদের নিষ্ক্রিয়তা লক্ষ্যণীয়। এছাড়া, আভ্যন্তরীণ কোন্দল বাদেও অনেকে চেষ্টা করছে নেতাদের ভিন্নভাবে খুশি করে পদ পাওয়ার।

দপ্তর সূত্রে জানা গেছে, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা, খুলনা মহানগর, বরিশাল দক্ষিণ, পিরোজপুর, বরগুনা, দিনাজপুর, গাইবান্ধাসহ অন্তত ২০ জেলায় পুনর্গঠন কাজ প্রায় সম্পন্ন। ৫০টির অধিক জেলা থেকে সময় বাড়ানোর আবেদন এসেছে দপ্তরে। মৌখিক আবেদনও রাখা হয়েছে নেতাদের কাছে।

সূত্র জানায়, যারা সময় বৃদ্ধির আবেদন করেছে তাদের দ্রুত কাজ সম্পন্ন করতে তাগিদ দেয়া হয়েছে। চেয়ারপারসনের নির্দেশনা ছাড়া সময় বাড়ানোর কথা কেউ বলতে পারছেন না। সময় বাড়াতে হলে চেয়ারপারসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু চিকিৎসা নিতে যাওয়ায় নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করতে ‘সাহস’ পাচ্ছেন না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ঝালকাঠি জেলায় বিএনপির পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম বাংলামেইলকে জানান, চলতি মাসের মধ্যেই তাদের কমিটি পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হবে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বাংলামেইলকে বলেন, অনেকেই সময় চেয়েছে। অনেক জায়গার নেতাকর্মীরা জেলে আছে, অনেক জায়গার নেতাকর্মী হজে গিয়েছেন। তাই অনেকে সময় চেয়েছেন।

কতদিন নাগাদ এ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো বলতে পারছি না, কারণ এটা বিভিন্ন জায়গার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বেঁধে দেয়া সময়ের মধ্যে পুনর্গঠন না হওয়া প্রসঙ্গে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান বাংলামেইলকে বলেন, এ সময়ের মধ্যে হলো, কিছু সীমাবদ্ধতা ছিল, সময় মতো হলো না, তার মানে এই নয় যে, হবে না। হবে, কার্যক্রম চলছে।

নতুন করে কোনো টাইম ফ্রেম দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জানা নেই। তবে আমি মনে করি পুনর্গঠন গুরুত্বপূর্ণ। আভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি স্বীকার করে তিনি আরো বলেন, এটি আমি অস্বীকার করবো না। এতো বড় দল, নেতৃত্বের দ্বন্দ্ব তো থাকবেই; প্রতিযোগিতাও থাকবে। এগুলো নিরসন হবে। কেন্দ্র থেকেও ভূমিকা রাখা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026