শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বর্তমানে নেদার্যরান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে। বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের রাষ্ট্রীয় বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্য হয় হয় এক যৌথ বিবৃতিতে জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকার নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। ব-দ্বীপ অঞ্চলে থাকায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পানি সম্পদের ব্যবস্থাপনাসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও মত দেন তারা।
বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শেখ হাসিনা ও মার্ক রুট দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়, ব্যবসা-বাণিজ্য, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি, বন্দরের উন্নয়ন ও আইনের শাসন নিয়ে আলোচনা হয়। পরে শেখ হাসিনার সম্মানে নৈশভোজে পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করতে গত জুনে দুদেশের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য জোরদার ও টেকসই ব-দ্বীপ ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক ও ‘বাংলাদেশে ভূমি পুনরুদ্ধার ও সংস্কারের ক্ষেত্রে’ আগ্রহপত্র সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি। প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের পক্ষ থেকে আরও সহযোগিতার উপর জোর দেন তিনি শেখ হাসিনা।